Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মোথাবাড়ির হামিদপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পঞ্চানন্দপুরের বাসিন্দা বন্দনা মণ্ডলের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় মোথাবাড়ির বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকেই বধূকে পণের জন্য চাপ দিতে থাকে বিশ্বজিতের পরিবার। কয়েকবার বাপের বাড়ি থেকে টাকাও এনে দিয়েছেন অসহায় বধূ। কিন্তু তারপরও শ্বশুরবাড়ির অত্যাচার কমেনি। কিছুদিন আগে ফের পণের জন্য চাপ দেওয়া হয় বন্দনাকে। চলে নির্যাতন। সোমবার তাঁর শোওয়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বন্দনার দিদি শান্তনা বলেন, সোমবার সকালে আমাদের ফোনে জানানো হয় বন্দনা আত্মহত্যা করেছে। কিন্তু আমাদের অনুমান, সে আত্মহত্যা করেনি। বন্দনাকে গলায় ফাঁস দিয়ে খুন করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। কারণ, প্রায়‌ই পণের দাবিতে অত্যাচার চালাত বিশ্বজিত্। মৃতার পরিবার মোথাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিশ্বজিতের মা যমুনা মণ্ডল। তাঁর দাবি, পণের দাবিতে কোনও দিনই বউমাকে চাপ দেওয়া হয়নি। এদিন আমরা বাড়িতে কেউ ছিলাম না। সেসময় বউমা গলায় ফাঁস দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ