Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে পিটিয়ে খুন, আটক স্বামী

বধূকে পিটিয়ে খুন, আটক স্বামী
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের সোমাইপুরে স্ত্রীকে রড় দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সবিতা বাগদি(৪১)। তাঁর বাড়ি আউশগ্রাম থানার সোমাইপুরে। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিস মৃতার স্বামীকে আটক করেছে। 
Advertisement
সবিতাদেবী ও তাঁর স্বামী মাধব বাগদি দু’ জনেই দিনমজুর। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। দু’ জনেরই বিয়ে হয়ে গিয়েছে। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা অশান্তি হতো। স্বামীর নেশা করা নিয়ে প্রতিবাদ করলেই তাঁর উপর অত্যাচার করা হতো। এদিনও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সেসময় স্বামী লোহার রড দিয়ে সবিতাদেবীর মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সবিতাদেবী মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিস ঘটনাস্থলে আসে। সবিতাদেবীকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। 
প্রতিবেশী লক্ষ্মী বাগদি বলেন, আমরা মাঠের কাজ থেকে বাড়ি ফিরে দেখি, সবিতা রক্তাক্ত অবস্থায় শুয়ে কাতরাচ্ছে। ওদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। মৃতার ভাই লালু প্রামাণিক বলেন, জামাইবাবু প্রায়ই মদ খেয়ে বাড়িতে অশান্তি করত। প্রতিবাদ করার জন্যই দিদিকে খুন হতে হল।
সম্পর্কিত সংবাদ