সংবাদদাতা, ময়নাগুড়ি: হেঁটে যাওয়া বধূকে দেখে রাস্তার মোড়ে বসে থাকা কয়েকজন যুবক কটূক্তি করেছিল। আর এর প্রতিবাদ করেছিলেন সেই বধূ। তাতেই ক্ষিপ্ত হয়ে বধূকে মারধর করা সহ শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বধূর চিৎকার চেঁচামেচি শুনে তাঁর বোন বাঁচাতে এলে তাঁকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়িতে। আক্রান্ত বধূ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে পরে থানায় অভিযোগ দায়ের করেন। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। বধূ বলেন, আমি চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের শাস্তি চাই। যে চারজনের নামে অভিযোগ হয়েছে তাদের মধ্যে গৌরাঙ্গ সরকার নামে একজন বলেন, আমার বিরুদ্ধে নিয়ে আসা অভিযোগ ভিত্তিহীন। কেন উনি এমন অভিযোগ করলেন জানি না।



