সংবাদদাতা, পতিরাম: বধূকে কুপ্রস্তাব প্রতিবেশীর। প্রতিবাদ করায় বধূ ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল। দলবল নিয়ে এসে ওই দম্পতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে সোমবার উত্তেজনা ছড়ায় কুমারগঞ্জের চক গোপাল গ্রামে। এনিয়ে রাতেই কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। পুলিস সূত্রে খবর, বধূকে কুপ্রস্তাব দেওয়া নিয়ে দুই পরিবারের বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছিল। ১৪ নভেম্বর প্রথম গোলমাল হয়। ওই বধূর স্বামী প্রতিবাদ করাতেই দুই পরিবারের মধ্যে গন্ডগোল লেগে যায়। ফের সোমবার সকালে ওই দম্পতির বাড়িতে অভিযুক্ত লোকজন নিয়ে হামলা চালায়। দম্পতিকে প্রথমে মারধর করে এবং পরে বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কুমারগঞ্জ থানার পুলিস জানিয়েছে, অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



