Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধি উঠতেই ইন্ডোর স্টেডিয়াম সংস্কারে টেন্ডার প্রক্রিয়া শুরু

বিধি উঠতেই ইন্ডোর স্টেডিয়াম সংস্কারে টেন্ডার প্রক্রিয়া শুরু
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: নির্বাচনী আচরণবিধি উঠতেই আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের গণনা কেন্দ্র করা হয়েছিল এই ইন্ডোর স্টেডিয়ামকে। এটি সংস্কারের জন্য উপ নির্বাচনের আগেই ১ কোটি ১৩ লক্ষ ৮৩ হাজার ৫৯৯ টাকা বরাদ্দ করে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। কিন্তু ভোটের আচরণবিধির কারণে এতদিন সংস্কারের প্রক্রিয়া থমকে ছিল।
Advertisement
জেলাশাসক আর বিমলা বলেন, নির্বাচনী আচরণবিধি উঠে গিয়েছে। আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া চালু করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়া হবে।  
আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ক্রীড়া মহল। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্চয় ঘোষ বলেন, দেরিতে হলেও ইন্ডোর স্টেডিয়াম সংস্কার হচ্ছে, এটা ভালো উদ্যোগ। তবে ২০১৪ সালে আলিপুরদুয়ার পৃথক জেলা হয়েছে। অথচ ১০ বছর পরেও জেলা সদরে একটি সাধারণ স্টেডিয়াম হল না। আমরা চাই, জেলা প্রশাসন এবার দ্রুত জেলা সদরে একটি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিক।
আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও দাবার মতো খেলাগুলির নিয়মিত অনুশীলন হয়। ব্যাডমিন্টনের কোচ চঞ্চল কর বলেন, আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম সংস্কার হচ্ছে। আমরা ভীষণ খুশী। ইন্ডোর স্টেডিয়াম সংস্কার হলে শহরের খেলাধুলায় আরও উৎসাহ উদ্দীপনা বাড়বে। ইতিমধ্যেই স্টেডিয়ামের চারপাশের ঘন ঝোপঝাঁড় সাফসুতরো করে ফেলা হয়েছে। 
ইন্ডোর স্টেডিয়ামটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। ভেঙে গিয়েছে স্টেডিয়ামের চারদিকের সীমানা প্রাচীর। ঝড়ে গাছ পড়েও সীমানা প্রাচীরের অনেক অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রশাসন জানিয়েছে, এবার নতুন করে ফের সীমানা প্রাচীর তৈরি হবে। পাশাপাশি, সংস্কার হবে স্টেডিয়ামের ভিতরের অনেক অংশ। খসে পড়েছে স্টেডিয়ামের দেওয়ালের পলেস্তারা। মাঝেমাঝে দেওয়ালের চাঙর খুলে পড়ে। সেসব সংস্কারের পর স্টেডিয়াম নতুন করে রং করা হবে। সংস্কার হবে স্টেডিয়ামের চারপাশের নিকাশিনালা। বসবে এলইডি বাতিস্তম্ভ। স্টেডিয়াম চত্বরে বসবে পেভার ব্লকও। 
সম্পর্কিত সংবাদ