নিজস্ব প্রতিনিধি, তমলুক: বৃদ্ধকে এটিএম মেশিন থেকে টাকা তোলায় সহযোগিতার নাম করে কার্ড বদলে প্রতারণা করল এক দুষ্কৃতী। তমলুক শহরে পদুমবসানে ওই ঘটনা ঘটেছে। প্রতারিত বছর ৭০-এর স্বপনকুমার মান্না ২২ডিসেম্বর তমলুক শহরে পদুমবসানে পিএনবি’র এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়েছিলেন। স্বপনবাবু ডান চোখে দেখতে পান না। বাঁ চোখেও দৃষ্টিশক্তি কম। মেশিনে কার্ড ঢোকানোর সময় বারবার সমস্যা হচ্ছিল। সেইসময় পিছনে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত যুবক সাহায্যের নাম করে কার্ড বদল করে নেয় বলে অভিযোগ। অভিযুক্ত তমলুক শহরের মানিকতলায় একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে ওই কার্ড ব্যবহার করে দু’দফায় ২০হাজার টাকা তুলে নেয়। এছাড়াও শহরের একটি পেট্রল পাম্পে অনলাইনে ৬৭০০টাকা পেমেন্ট করেছে। স্বপনবাবু তমলুক থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছেন। এটিএম ও পেট্রল পাম্প থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।



