সংবাদদাতা, ইটাহার: রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা মারল বাইক। পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের। সোমবার দুপুরে ইটাহারের মির্জাদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ঘটনায় মৃত বাইক চালকের নাম রাজা আলি (২৬)। বাড়ি ইটাহারের উত্তরপাড়ায়। আহত বৃদ্ধার নাম জামিলা বেওয়া। তাঁর বাড়ি ধুলহোর এলাকায়। এদিন মালদহের দিকে বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন পেট্রোল পাম্প কর্মী রাজা। জাতীয় সড়ক পার হওয়ার সময় বৃদ্ধাকে ধাক্কা মারে বাইকটি। আহত দুজনকেই ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাজাকে ইটাহারের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিজনরা। কিন্তু সময় আর মেলেনি। কলকাতা নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি।



