সংবাদদাতা, মানবাজার: বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অতিষ্ঠ হয়ে পুলিসের দ্বারস্থ হলেন বৃদ্ধ বাবা। পুরুলিয়ার বরাবাজার থানার ডুমুরডি গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এনিয়ে শুক্রবার মহাদেব ত্রিপাঠী তাঁর এক ছেলের বিরুদ্ধে বরাবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিস অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।
Advertisement
মহাদেববাবু তাঁর অভিযোগে পুলিসকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে তাঁর ছেলে কিশোর গালিগালাজ করে। সেই সঙ্গে লাঠি দিয়ে কোমরে, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। মারের চোটে তাঁর কোমরে ও পিঠে আঘাত লাগে। এমনকী অসুস্থ মাকেও রেয়াত করেনি ছেলে। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ির দরজা ভেঙে দেয়। বাধা দিতে গেলে ‘মেরে শেষ করে দেব’ বলে হুমকি দেয়। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে শুক্রবার তিনি বরাবাজার থানায় অভিযোগ জানান। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



