Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বচসার জের, বন্ধুর নাক কামড়ে কেটে নিল যুবক

বচসার জের, বন্ধুর নাক কামড়ে কেটে নিল যুবক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নেশাগ্রস্ত অবস্থায় প্রথমে এক দোকানদার ও তাঁর ছেলেকে বেধড়ক মারধর, তারপর তাকে ঠেকাতে আসা বন্ধুকে মারধর করে কামড়ে নাক ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল মদ্যপ যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম রাজা সাধুখাঁ। দায়ের হওয়া পৃথক দু’টি অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিস। অন্যদিকে, আক্রান্ত বন্ধুকে প্রথমে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। মঙ্গলবার রাতে সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেনজির এই ঘটনাটি ঘটেছে শান্তিপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলায়। সরস্বতী পূজো উপলক্ষ্যে স্থানীয় একটি ক্লাবে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। সেই সময়ে ক্লাবের অনতিদূরে শুরু হয় গন্ডগোল। প্রথমে বিষয়টি নিয়ে ক্লাবের সদস্যরা অজ্ঞাত থাকলেও পরে দেখা যায়, এলাকারই এক যুবক রাজা সাধুখাঁ মদ্যপ অবস্থায় রীতিমতো তাণ্ডব করছে। প্রথমে তার সঙ্গে স্থানীয় এক দোকানদার অজয় মালাকার এবং তাঁর ছেলে জিৎ মালাকারের গন্ডগোল বাধে। অভিযোগ, অপ্রকৃতিস্থ অবস্থায় তাদের দুজনকে বেধড়ক মারধর করে রাজা। রাজাকে ছাড়াতে আসে তারই বন্ধু অরবিন্দ পাল। তার পরিবারের তরফে দায়ের করা অভিযোগ অনুযায়ী, তাদের ছেলে মাঝে চলে আসায় জিৎ এবং অজয়কে ছেড়ে অভিযুক্ত ঝাঁপিয়ে পড়ে অরবিন্দর উপর। প্রথমে তাকে মারধর এবং পরে কামড়ে ছিঁড়ে নেয় তার নাকের বেশ কিছুটা মাংস। ততক্ষণে ছুটে আসেন ক্লাবের সদস্যরা এবং আশেপাশের লোকজন। রাজার আক্রমণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অরবিন্দ। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। আঘাত গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে স্থানান্তরিত করা হয় কল্যাণীর জেএমএম হাসপাতালে। মঙ্গলবার রাতেই সেখানেই নাকের প্লাস্টিক সার্জারি হয়। আপাতত আক্রান্ত যুবক সেখানেই চিকিৎসাধীন। জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাজা সাধুখাঁকে গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ