সংবাদদাতা, কালনা: বছরের শেষদিনটি উপভোগ করতে কালনার পর্যটন স্থল ও পিকনিক স্পটগুলিতে ভিড় উপচে পড়ে। কালনা শহরে একাধিক প্রাচীন স্থাপত্য রয়েছে। যা দেখতে বহু পর্যটক ভিড় করেন। মঙ্গলবার রাজবাড়ি চত্বরের প্রতাপেশ্বর শিব মন্দির, ২৫ চূড়া লালজি মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির, রাসমঞ্চ, পঞ্চ দেউল সহ ১০৮ শিব মন্দিরে প্রচুর পর্যটক সকাল থেকে ভিড় জমান। কালনার হাঁসপুকুর আম্রকুঞ্জ, ভাগীরথী নদীর চর সহ বেহুলা নদীর তিরবর্তী এলাকায় বহু মানুষ পিকনিকে মেতে ওঠেন। এছাড়াও নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের খালবিলের পাড়ে বহু মানুষকে পিকনিক করতে দেখা যায়। বাঁশদহ বিলেও নৌকাবিহারে মেতে ওঠেন পর্যটকরা। কালনার আটঘড়িয়া-সিমলন অঞ্চলের চাঁদ বিল পার্কে বহু মানুষ পিকনিক করেন।
Advertisement
পাশাপাশি, বর্ষ বিদায়ের দিনে পথ দুর্ঘটনা রুখতে তৎপর ছিল পুলিস। কালনায় এসটিকেকে রোড সহ একাধিক রাস্তায় মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে সাতজনকে কালনা থানার পুলিস গ্রেপ্তার করেছে। হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য ১১জনকে জরিমানা করেছে। বিভিন্ন পিকনিক স্পটে চলছে পুলিসি নজরদারি।
কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, বিভিন্ন রাস্তায় বেপরোয়া ও মদ্যপ চালকদের বিরুদ্ধে অভিযান চলছে। ব্রিদ অ্যানালাইজারের মাধ্যমে মদ্যপ চালকদের শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে হাসপাতালে নিয়ে গিয়েও শনাক্ত করা হচ্ছে। দিনরাত এই অভিযান চলছে।