নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বছরের প্রথম দিনই বিঘ্নিত হল দার্জিলিং- শিলিগুড়ি টয় ট্রেন পরিষেবা। যদিও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে জানিয়েছে, মঙ্গলবার সকালে দু’টি বগিতে ৩৭ জন পর্যটককে নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল টয় ট্রেন। এনজেপি স্টেশন ছেড়ে শিলিগুড়ি জংশন পেরিয়ে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে উঠতেই থমকে যায় টয় ট্রেনের চাকা। বিকল ইঞ্জিন নিয়ে ট্রেনটি আর গন্তব্যে যেতে পারেনি। বিক্ষোভ দেখান পর্যটকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিয়েছিলেন ডিএইচআরের আধিকারিকরা। ট্রেনটি দার্জিলিং যেতে না পারায় এদিন দার্জিলিং থেকে শিলিগুড়ি ট্রেন চালাতে পারেনি ডিএইচআর।
Advertisement
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার ট্রেন এদিন স্বাভাবিকভাবেই চলেছে। যেহেতু মঙ্গলবার দার্জিলিংয়ে যেতে পারেনি এনজেপি-দার্জিলিং টয় ট্রেন, কাজেই এদিন দার্জিলিং থেকে ট্রেন আসতে পারেনি। তবে বৃহস্পতিবার থেকে ফের টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে।



