সংবাদদাতা, বহরমপুর: ইংরেজি নতুন বছরে গাঁদা, গোলাপ বিক্রি হল চড়া দামেই। ম্য্যাঙ্গালোরের গোলাপের দাম হাফ সেঞ্চুরি পার করল। মঙ্গলবারের ফুলের দাম বুধবার সকালে এসে প্রায় দ্বিগুণ হল। বছরের প্রথম দিন ফুলের দাম বাড়লেও চাহিদার কোনও ঘাটতি ছিল না। ফুল বিক্রেতাদের দাবি, এবার অনুকূল আবহাওয়ায় গাঁদার ফলন খুব ভালো। ফলে এবার নববর্ষে অন্য বছরের তূলনায় ফুলের দাম কমই রয়েছে। দাম বাড়লেও দেশি গোলাপের দাম নাগালের বাইরে যায়নি।
Advertisement
বাংলা হোক বা ইংরাজি, নববর্ষে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার ঢল নামে। বছরের প্রথম দিন মন্দিরে পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা জানান অনেকে। বহু ব্যবসায়ী পুজো দিয়েই দিন শুরু করেন। আর সেই পুজোর ডালায় ফুলের মালা থাকবেই। পাশাপাশি নববর্ষে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো এখন টিন এজারদের কাছে ফ্যাসান হয়ে গিয়েছে। বছরের প্রথম দিন বন্ধু, সহপাঠীদের হাতে গোলাপ তুলে দিতে কার্পণ্য করেনা যুব সমাজ। মঙ্গলবার বহরমপুরে গাঁদার চেন ৮-১০ টাকা দামে বিক্রি হয়েছে। বুধবার সেই গাঁদার চেন বিক্রি হল ১৫-২০ টাকা দামে। গোলাপের দামও পাঁচ টাকা পিস থেকে বেড়ে ৮-১০ টাকায় বিকোল। ম্যাঙ্গালোরের বিভিন্ন রঙের গোলাপ বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকায়। বহরমপুর গোরাবাজার এলাকায় গোলাপ কিনছিলেন বিএ প্রথম বর্ষের ছাত্র অংশুমান দত্ত। তিনি বলেন, বছরের প্রথম দিন, বন্ধুদের শুভেচ্ছা জানাতে গোলাপ কিনছি।



