Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাছুরের খুবলে খাওয়া দেহ উদ্ধার, চিতাবাঘের আতঙ্কে ত্রস্ত ফাঁসিদেওয়া

বাছুরের খুবলে খাওয়া দেহ উদ্ধার, চিতাবাঘের আতঙ্কে ত্রস্ত ফাঁসিদেওয়া
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার সকালে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সাপ্টিগুড়ির বেদমগছে এক আনারস বাগানে বাছুরের খুবলে খাওয়া দেহ উদ্ধারের ঘটনায় চিতাবাঘের আতঙ্ক জাঁকিয়ে বসল। খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা টহল দিতে শুরু করেছেন। চিতাবাঘ ধরতে খাঁচা পাতার দাবি জানিয়েছেন বাসিন্দারা। 
Advertisement
শুক্রবার ফাঁসিদেওয়ার ফকিরগছে চিতাবাঘের হামলায় এক মহিলা জখম হন। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের একটি বাছুরকে খুবলে খাওয়ায় এলাকায় চিতাবাঘের আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে। স্থানীয় বাসিন্দা রতন সিংহ বলেন, শুক্রবার এলাকার আনারস বাগান সংলগ্ন মাঠে গোরু-বাছুর বেঁধেছিলাম। সন্ধ্যায় প্রথমে গোরুকে ঘরে নিয়ে আসি। তবে কিছুক্ষণ পর গিয়ে দেখি বাছুরটি নেই। আশপাশে খুঁজেছি কিন্তু পাইনি। এদিন সকালে আনারস বাগান থেকে বাছুরের আধ খাওয়া মৃতদেহ উদ্ধার হয়। পুরো বিষয়টি বনদপ্তরকে জানিয়েছি। 
স্থানীয় বাসিন্দা মহম্মদ হামির আলম বলেন, ইতিমধ্যে আশপাশের এলাকা মিলিয়ে চারটি গোরু খেয়েছে চিতাবাঘ। বেলা গড়ালেই বাড়ির বাইরে বের হতে ভয় লাগে। বিশেষ করে বাচ্চাদের নিয়ে ভয় হয়। এখানে শুধু একটি নয়, একাধিক চিতাবাঘ ঘোরাফেরা করছে। যদিও এদিন খবর পেয়ে কার্শিয়াং ডিভিশনের ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে খাঁচা পাতা হবে। 
সম্পর্কিত সংবাদ