ব্যর্থতা সত্ত্বেও রোহিত-কোহলিকে বিশ্বকাপে খেলাতে চায় বিসিসিআই
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: নিউজিল্যান্ড সফরে প্রত্যাশা পূরণে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবু দুই সিনিয়র তারকাকে নিয়ে উদ্বিগ্ন নয় ভারতীয় বোর্ড। রো-কো জুটিকে সামনে রেখে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা অপরিবর্তিতই থাকছে। বিসিসিআই সূত্রের খবর, ফিটনেস সংক্রান্ত সমস্যা না থাকলে মেগা আসরের জন্য তাঁদের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিশ্চিত।

Advertisement

কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজে ওপেন করতে নেমে ডাহা ফেল রোহিত। পাঁচ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৩০। হিটম্যানের ব্যাটে এমন দুর্দশা চিন্তায় ফেলেছে সমর্থকদের। সিরিজের শুরুটা দারুণ করেও বাকি ম্যাচগুলিতে তাল হারিয়েছেন কোহলি। ৫ ইনিংসে তাঁর সংগ্রহ ৮৬ রান। ফলে দুই মহারথীর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। তবে বোর্ডকর্তারা তাঁদের নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বের জাল ছড়াতে নারাজ। তাঁদের মতে, রোহিত-কোহলি দু’জনেই কিংবদন্তি। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবেন। বোর্ড কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় রোহিত এবং কোহলি দু’জনকেই প্রয়োজন। ওদের ছাড়া বিশ্বকাপ জেতা সম্ভব নয়। মেগা মঞ্চে ওদের অভিজ্ঞতা খুবই কাজে আসবে। দক্ষিণ আফ্রিকার পিচ ও পরিবেশ অন্যরকম। সে দেশে ওরা যথেষ্ট ক্রিকেট খেলেছে। সেটা উপেক্ষা করা যাবে না। অতএব ওদের বাদ দিয়ে বিশ্বকাপের দল গঠনের কথা ভাবাই হচ্ছে না।’ সেই সঙ্গে তিনি জানান, ‘ওরা কিংবদন্তি। কতদিন ক্রিকেট খেলবে, সেটা ওরাই ঠিক করবে। এ ব্যাপারে জোর করে কোনো সিদ্ধান্ত ওদের উপর চাপিয়ে দেওয়া হবে না।’
বোর্ড কর্তাদের মনোভাব পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কোচ গৌতম গম্ভীরও সেই মতো দুই সিনিয়র তারকাকে ধরেই বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছেন। আসলে সাম্প্রতিক ঘটনাক্রম থেকে তিনিও বুঝে গিয়েছেন যে, নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতার খতিয়ান সামনে রেখে রো-কো জুটিকে ঝাঁকুনি দিতে গেলে তাঁকেই পরে পস্তাতে হবে। ঠিক যে তিক্ত অভিজ্ঞতা হজম করতে হয়েছে প্রাক্তন প্রধান নির্বাচক অজিত আগরকরকে।