নয়াদিল্লি: আপাতত এক সপ্তাহ হচ্ছে না আইপিএল। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সাত দিনের জন্য আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। আজ শুক্রবার সকালে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই নতুন সূচি প্রকাশ করার ঘোষণাও করা হয়েছে।
গতকাল, বৃহস্পতিবারই পাঞ্জাব ও দিল্লির ম্যাচ মাঝমাঠ থেকে বাতিল করা হয়েছিল। পাকিস্তানের ন্যক্কারজনক হামলার জেরে ধরমশালায় অনুষ্ঠিত এই ম্যাচ পুরো খেলা সম্ভব হয়নি। এরপরই বাকি ম্যাচগুলি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। খেলোয়াড় ও দর্শকদের সুরক্ষার দিকে নজর রেখে আপাতত আইপিএল ২০২৫-এর ম্যাচ স্থগিত করা হল।
বিসিসিআই সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে চাইছে বেশ কিছু বিদেশি খেলোয়াড়রা, বিভিন্ন দেশের বোর্ডও উদ্বিগ্ন। পাশাপাশি একাধিক বিমান বন্দর থেকে সাময়িক ভাবে কিছু উড়ান বাতিল করা হয়েছে। এছাড়াও, বেশ কিছু স্টেডিয়ামের ভেন্যু রয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে। একইসঙ্গে কোনও একটি মাঠে হাজারে হাজারে দর্শকদেরও ভিড় হয়। ফলে সব মিলিয়ে খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতে রাজি না বিসিসিআই। আর সেই কারণেই সাময়িক ভাবে স্থগিত হল আইপিএল ২০২৫।