নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা কাউন্সিলার দুলাল সরকার (বাবলা) খুনের তদন্তে এল সিআইডি’র সাইবার বিশেষজ্ঞ দল। সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করেন। সংগৃহীত নমুনা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা করা হয়। রাজ্য পুলিস সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এক প্রাক্তন তৃণমূল নেতা সহ যে সাত জন অভিযুক্ত পুলিসের জালে ধরা পড়েছে তাদের প্রত্যেকের ফোন খতিয়ে দেখা হয়। তারা একে অপরকে এবং অন্য কোন কোন ব্যক্তিকে ফোন করেছে তা খতিয়ে দেখেন সাইবার বিশেষজ্ঞরা। পাশাপাশি তাদেরকে কে কে ফোন করেছে সেটাও বিস্তারিত ভাবে খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে।
Advertisement
ফোন কলের পাশাপাশি মেসেজ এবং ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ফোনের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখে সিআইডি’র সাইবার বিশেষজ্ঞ দল। শনিবার দুপুরে মালদহ জেলা আদালতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতদের মোবাইল ফোনগুলি পরীক্ষা করা হয়। অন্যদিকে, বাবলা সরকার খুনের ঘটনায় পলাতক দুই আততায়ী বাবলু যাদব ও কৃষ্ণ রজক ওরফে রোহনের হদিশ পুলিস প্রায় পেয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।



