সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে পানীয় জলের যথেচ্ছ অপচয় হচ্ছে। শহরের একাধিক জায়গায় ট্যাপ দিয়ে জল বেরতে থাকে। তারফলে অনেক জায়গায় পর্যাপ্ত জল পাচ্ছেন না মানুষ। কিছু ট্যাপের বিবকক ভেঙে গিয়েছে। বিবকক না থাকায় অনবরত জল পড়ে। বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের অপচয় রোধে পুরসভা কর্তৃপক্ষ কিংবা পিএইচই উদাসীন। প্রশাসনের দাবি, ট্যাপের বিবকক চুরি যাওয়াতেই এই সমস্যা। বাসিন্দারা বলছেন, ১১, ১৬ ও ১৭ নং ওয়ার্ড সহ একাধিক জায়গায় ট্যাপ দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। পুর কর্তৃপক্ষ ও পিএইচই বিষয়টি জানার পরেও পদক্ষেপ করছে না। পিএইচই’র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিবেকানন্দ মণ্ডল বলেন, জলের অপচয় রোধে বাসিন্দাদেরও সচেতন হতে হবে। আমরাও চেষ্টা করছি, জলের অপচয় রোধ করতে। বিবকক চুরি হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। একই বক্তব্য পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালেরও। কানাইয়াবাবু বলেন, বিবকক ঘনঘন চুরি যাচ্ছে। এজন্যই সমস্যা। এবিষয়ে বাসিন্দাদেরও সচেতন হতে হবে।
Advertisement
শহরের রাস্তার পাশ দিয়ে বেশকিছু ট্যাপ আছে। পিএইচই থেকে নির্দিষ্ট সময়ে জল ছাড়া হয়। পাইপলাইনের মাধ্যমে সেই জল ট্যাপকলে পৌঁছয়। বাসিন্দাদের একাংশ সেই জল সংরক্ষণ করে রাখেন। কিন্তু বাসিন্দাদের একাংশ, ট্যাপের জলে বাসন থেকে জামাকাপড়-সমস্ত কিছু ধোয়ার কাজ করেন। কিছু ট্যাপ দিয়ে অনবরত জল পড়ে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলের অপচয় রোধে কড়া বার্তা দিয়েছেন। তারপরেও শহরের ট্যাপ গুলি থেকে জল অপচয় হচ্ছে।



