সংবাদদাতা, নাগরাকাটা: বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে। শুক্রবার বিকেলে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিস। মৃতের নাম সহরাই ওরাওঁ (৫৪)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনবস্তিতে। খুনে অভিযুক্ত ছেলের নাম সুকু ওরাওঁ। তাকে শনিবার জলপাইগুড়ি আদালতে তুলবে পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে তাদের পরিবারে অশান্তি চলছিল। বৃহস্পতিবার অভিযুক্ত সুকু ওরাওঁয়ের স্ত্রীও বাড়ি থেকে চলে যায়। এনিয়ে বিকেলে সুকুর সঙ্গে তার বাবার বিবাদ চরমে পৌঁছয়। ওই সময় উত্তেজিত হয়ে সুকু বাড়িতে রাখা জ্বালানির কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে তার বাবা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সহরাই ওরাওঁকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে মেটেলি থানার আইসি মিংমা লেপচা বলেন, বাবাকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ছেলে খুনের ঘটনা স্বীকার করে নিয়েছে। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে।



