Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিভিন্ন সরকারি দপ্তরের কাছে পুরসভার বকেয়া কর সাড়ে চার কোটি

বিভিন্ন সরকারি দপ্তরের কাছে পুরসভার বকেয়া কর সাড়ে চার কোটি
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শহরের বিভিন্ন সরকারি দপ্তরের কাছ থেকে কর বাবদ কোচবিহার পুরসভার বকেয়া প্রায় সাড়ে চার কোটি টাকা। এর ফলে পুরসভার সব ধরনের খরচ চালাতে সমস্যা হচ্ছে। মঙ্গলবার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নিজেই বিভিন্ন সরকারি দপ্তরের বকেয়া করের হিসাবনিকাশ তুলে ধরেন। জানা গিয়েছে, সরকারি দপ্তরের থেকে পুরসভার মোট বকেয়া করের পরিমাণ ৪ কোটি ৪৭ লক্ষ ৪৭ হাজার ৫২ টাকা। এই বিপুল বকেয়া করের মধ্যে একমাত্র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে ৮৩ লক্ষ ৬৮ হাজার ৬৪০ টাকা পরিশোধ করে দেওয়া হবে। 
Advertisement
জানা গিয়েছে, কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ থেকে ৬২ লক্ষ ৪১ হাজার ১৬৪ টাকা, জেলা পরিষদের ৫৭ লক্ষ ৮৫ হাজার ২৮৫ টাকা এবং জেলাশাসকের দপ্তরের ৩৯ লক্ষ ৮২ হাজার ৭৯০ টাকা কর বকেয়া রয়েছে। একইভাবে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের থেকে ২১ লক্ষ ২৩ হাজার টাকা, পূর্তদপ্তরের ২৯ লক্ষ ২০ হাজার, জেলা সংশোধনাগারের ১৬ লক্ষ ৪৬ হাজার এবং হাউজিং-এর ১৪ লক্ষ ৮৬ হাজার সহ একাধিক দপ্তরের লক্ষ লক্ষ টাকার কর বকেয়া রয়েছে। এর ফলে পুরসভা সমস্যায় পড়ছে। চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এটা সার্ভিস ট্যাক্স। পুরসভা নির্দিষ্ট সময়ে বিভিন্ন অফিসে জানিয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে। না হলে আমরা পরিষেবা দেব কী করে।
সম্পর্কিত সংবাদ