Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিভিন্ন স্কুলে শিশু দিবসে স্পেশাল মেনু

বিভিন্ন স্কুলে শিশু দিবসে স্পেশাল মেনু
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শিশু দিবসের স্পেশাল মেনুতে থাকল ফ্রায়েড রাইস, চিকেন কষা, পায়েস ও মিষ্টি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ২৫০টি বিদ্যালয়ে মিড-ডে মিলে কব্জি ডুবিয়ে হরেক কিসিমের সুস্বাদু খাবার খেল কচিকাঁচারা। প্রত্যন্ত গ্রামের বিভিন্ন বিদ্যালয়েও এদিন উৎসবের পরিবেশ ছিল। বছরের বিভিন্ন বিশেষ দিনে স্কুলে মিড-ডে মিলে তিথি ভোজনের ব্যবস্থা করতে বলেছে শিক্ষাদপ্তর। এর আগে পয়লা বৈশাখ থেকে শুরু করে বছরের নানা বিশেষ দিনে তিথি ভোজন হয়েছে। শিশু দিবসেও প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের জন্য ছিল বিশেষ খাওয়াদাওয়া। সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার(ডিইও) এষা ঘোষ বলেন, জেলার ৫০হাজার পড়ুয়ার জন্য এদিন মিড-ডে মিলে বিশেষ মেনুর ব্যবস্থা করা হয়েছে। ২৫০টি বিদ্যালয়ে এই খাওয়ার আয়োজন করা হয়েছিল। সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ। বিদ্যালয়ে শিশুদের চারিত্রিক বিকাশের জন্য যা যা করণীয়, এদিন সেসবই করা হয়েছে। আমরা সবাই ছোট ছোট বক্তৃতা দিয়েছি। আমার সার্কেলের বিভিন্ন স্কুলে মিড-ডে মিলে বিশেষ মেনুর ব্যবস্থা ছিল। শিশুরা ভালো খাবার পেয়ে খুব খুশি হয়েছে। বেশকিছু বিদ্যালয়ে আমরা গাছও লাগিয়েছি। এদিন বেলডাঙা চক্রের ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে মহা সমারোহে শিশুদিবস উদযাপিত হয়েছে। এদিন সেখানকার পড়ুয়ারা পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান করে। নভেম্বর মাসে জন্মদিন, এমন পাঁচজন পড়ুয়াকে নিয়ে এদিন জন্মদিন পালন করা হয়। কেক কাটার পর তাদের হাতে উপহার তুলে দেন শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, শিশুদের জন্য ভালো খাবারের পাশাপশি বিশাল একটি কেক কাটা হয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষও জাতীয় শিশু দিবস পালন করেছে। তাদের তরফে শিলায়ন হোমের শিশুদের কিছু পড়াশোনার সামগ্রী দেওয়া হয়। হরিহরপাড়া থানার তাজপুর মাদ্রাসার শিক্ষক ও পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা হয়। সেখানে ভারপ্রাপ্ত জেলা জাজ পুষ্পল শতপথী ও জেলা আইনি পরিষেবার সচিব অদিতি ঘোষ উপস্থিত ছিলে। ‘প্রতিটি শিশুর জন্য প্রত্যেকটি অধিকার’ এই স্লোগান তুলে প্রায় ৩৭০০ কিশোর-কিশোরীকে নিয়ে অভিনব কর্মসূচি করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ