Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিভিন্ন দাবিতে ডিএফও অফিসে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

বিভিন্ন দাবিতে ডিএফও অফিসে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সরকারি নিয়ম মেনে ছুটি, ডিউটির সময়, পারিশ্রমিক বৃদ্ধি সহ স্থায়ী ও অস্থায়ী কর্মীদের ১৫ দফা দাবি মেটাচ্ছে না বনদপ্তর। তাই জোটবদ্ধ হয়ে বৃহস্পতিবার রায়গঞ্জের ডিএফও’র দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। ডিএফও ভূপেন বিশ্বকর্মার সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আর্জি জানান তাঁরা। 
Advertisement
অস্থায়ী কর্মীদের সংগঠন ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের রায়গঞ্জ মালদহ ডিভিশন কমিটির চেয়ারম্যান সুনীল কুমার ঘোষের অভিযোগ, তিনমাস আগেও আমরা রায়গঞ্জের ডিএফও দপ্তরে ১৫ দফা দাবি নিয়ে হাজির হয়েছিলাম। কিন্তু সেই দাবি মেটানোর প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। তাই এদিন ফের প্রতিবাদ আন্দোলনে ফিরতে হয়েছে আমাদের। স্থায়ী ও অস্থায়ী কর্মীদের ছুটি ভোগের অধিকার দিতে হবে। অফিস কর্মীরা ৮ ঘণ্টা কাজ করে বাড়ি ফিরে গেলেও, আউটডোর কর্মীদের ২৪ ঘণ্টা ডিউটি করানো হচ্ছে। কিন্তু পারিশ্রমিক মেলে মাত্র ৮ ঘণ্টার। অস্থায়ী কর্মীদের নিয়মিত কাজ দেওয়ার দাবিও রয়েছে আমাদের। সঙ্গে হাতে নগদ নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক দিক বনদপ্তর। অরণ্য সাথীদের অবসরের পর ৫ লক্ষ টাকা দেওয়ারও দাবি রয়েছে বিক্ষুব্ধদের। ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, কর্মীদের লিখিত দাবিদাওয়া আমরা পেয়েছি। ওদের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। বিষয়গুলি বিবেচনাধীন। 
সম্পর্কিত সংবাদ