সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার বালিচক রেলগেট দিয়ে অ্যাম্বুলেন্স, মোটরবাইক, সাইকেল সহ জরুরি গাড়ি যাতায়াতের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার বিকেলে ডেবরার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। তারা বিডিওকে ডেপুটেশনও দেয়। সংগঠনের পক্ষে কিঙ্কর অধিকারী বলেন, সুযোগ থাকা সত্ত্বেও ওই পথ দিয়ে যাতায়াতের কোনও ব্যবস্থা করা হচ্ছে না। ফলে বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তিনি বলেন, আমরা বালিচক রেলগেটে উড়ালপুল নির্মণের কাজ দ্রুত শেষ করার দাবিও জানিয়েছি। এর আগে যাতায়াতের রাস্তার দাবি জানিয়ে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয়েছিল। তারপরই বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন। এক আধিকারিক বলেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রসঙ্গত উড়ালপুলের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে আগামী তিন মাসের জন্য রেলগেট দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রশাসনের এই নির্দেশে সাইকেল, মোটরবাইক চলাচলও বন্ধ করে দেওয়া হয়। ফলে বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়।



