নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিবাহবার্ষিকীর দিন সেভক কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দম্পতি। মায়ের কাছে সুখশান্তিতে থাকার প্রার্থনা করেছিলেন দু’জনে। তবে বাড়ি আর ফিরে আসা হল না মুকেশ রায়ের (৩৯)। ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর। চোখের সামনে স্বামীর এমন অবস্থায় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে শিলিগুড়ির রাজীবনগরে। শিলিগুড়ি জংশন জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি প্রধাননগরে হলেও স্ত্রীকে নিয়ে তিনি মাটিগাড়া ব্লকের ঠক্করে থাকতেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Advertisement
জিআরপি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সেভক কালীবাড়িতে পুজো দিয়ে স্ত্রী’কে নিয়ে যান মুকেশ। পুজো দিয়ে সেভক স্টেশন থেকে বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ট্রেন ধরে ফিরছিলেন। সাধারণ কামরায় দু’জনে উঠেছিলেন। জংশন স্টেশনের কাছে ট্রেন আসতেই তিনি আসন থেকে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ান। রাজীবনগরে আচমকাই পা হড়কে চলন্ত ট্রেন থেকে নীচে পড়ে যান মুকেশ। ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি জংশনের জিআরপি থানার পুলিস পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে ঘটনার খবর জানাজানি হতেই ঠক্কর এলাকাতে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মুকেশের স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন।
এই প্রসঙ্গে শিলিগুড়ি জংশনের জিআরপি থানার এক শীর্ষ আধিকারিক জানান, আমরা ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
এই প্রসঙ্গে শিলিগুড়ি জংশনের জিআরপি থানার এক শীর্ষ আধিকারিক জানান, আমরা ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।



