Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মৃত ৯

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মৃত ৯
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চণ্ডীগড়: বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। এঁদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা এবং একজন শিশু। নিখোঁজ ৩ জন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফতেপুর জেলায়। গাড়ির চালক এবং ১১ বছরের একটি বালককে উদ্ধার করা হয়েছে। ডিএসপি সঞ্জয় বিষ্ণোই জানিয়েছেন, পাঞ্জাবের ফাজিলকা জেলা থেকে বিয়েবাড়ি সেরে ফোর্স ক্রুজারে মেহমারা ফিরছিলেন ১৪ জন। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম ছিল। এই অবস্থায় রাতিয়া জেলার সর্দারওয়ালা গ্রামে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভাকরা ক্যানালে পড়ে যায়। তীব্র শ্রোতে দেহগুলি ঘটনাস্থল থেকে ৫০-৫৫ কিলোমিটার ভেসে যায়। 
Advertisement
ডিএসপি বলেন, ‘সর্দারওয়ালা গ্রামের কাছে কম দৃশ্যমানতার কারণে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। এরপরেই ক্যানালে গাড়িটি পড়ে যায়। ঘটনাস্থল থেকেই একজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি আটজনের দেহ উদ্ধার করা হয়েছে সিরসার কালানওয়ালি থেকে।’ তিনি আরও বলেন, ক্যানালে পড়ার আগেই চালক ঝাঁপ দিয়ে গাড়ি থেকে বেরিয়ে এসে বেঁচে যান। তাঁর ডাকাডাকিতে স্থানীয়রা এসে ১১ বছরের এক বালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।  শনিবার সকাল থেকে শুরু হয় উদ্ধারের কাজ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারের কাজে নামানো হয় ডুবুরিদের। প্রায় ৫০জন উদ্ধারের কাজে যুক্ত ছিল বলে পুলিস জানিয়েছে। ক্যানালের জলস্তর নামিয়ে দেহগুলি উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ