সামাজিকভাবে পিছিয়ে পড়া দু’জন। পরের উপর নির্ভর করে জীবনযাপন তাদের। পরিবেশও প্রতিকূল। তাদের ক্ষমতাও সীমিত। তার মধ্যেও ভালো থাকার চেষ্টা নিরন্তর চালিয়ে যাওয়া দুই মহিলার গল্প বলবেন পরিচালক অর্জুন দত্ত। ছবির নাম ‘বিবি পায়রা’। নিজেদের ভালো থাকার অভিযানে অসংখ্য ঝুঁকির সম্মুখীন গল্পের প্রধান দুই চরিত্র। সমস্ত বাধা পেরিয়ে তাদের ভালো থাকার গল্প বলবে এই ছবি। অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ্যায় এবং লোকনাথ দে। স্বস্তিকা বলেন, ‘অর্জুনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। জীবনের যে কোনও স্ট্রাগলে আমাদের হাসিমুখে থাকতে শেখানো হয়েছে। কিন্তু সত্যিই সেটা সম্ভব? এই ছবিটা সেই সব পরিস্থিতির কথা বলবে। কেরিয়ারের এই পর্যায়ে এসে এই ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে আমার দারুণ লাগছে। ছবিটা দর্শককে ভাবাবে।’ পাওলির কথায়, ‘এই ধরনের চরিত্র প্রতিদিন লেখা হয় না। প্রথমবার শুনেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, ছবিটা করব।’ অনির্বাণ বলেন, ‘প্রথমবার অর্জুনের সঙ্গে কাজ করছি। ওর আগের কাজগুলোর থেকে এই ছবিটার অ্যাপ্রোচ খুব আলাদা। এই ধরনের চরিত্র আমি আগে করিনি।’ নন্দী মুভিজের প্রযোজনায় এই ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন সুপ্রতিম ভোল। মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন সৌম্য রীত। সম্পাদনার দায়িত্বে সুজয় দত্ত রায়। পোশাক বিভাগ সামলাবেন পৌলমী গুপ্ত।



