Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাবা, মাকে মারধর, হাঁসুয়া নিয়ে তাড়া, পালিয়ে বাঁচালেন বৃদ্ধ দম্পতি

বাবা, মাকে মারধর, হাঁসুয়া নিয়ে তাড়া, পালিয়ে বাঁচালেন বৃদ্ধ দম্পতি
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: যারা কষ্ট করে বড় করে তুলেছেন সেই বাবা মাকেই মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুড়িয়াপাড়ায়। শুধু তাই নয়, হাঁসুয়া উঁচিয়ে বাবা-মাকে ছেলে মারতে যান বলেও দাবি। এর পর ওই প্রবীণ দম্পতি ছেলের হাত থেকে কোনওভাবে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন। অভিযোগের বিষয়টি মালদহ থানায় পুলিসকে বলেছেন বলে তাঁরা জানিয়েছেন। এনিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও, অভিযুক্ত ছেলে এবং পূত্রবধূ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের পাল্টা দাবি, রেশন নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা বাবা, মাকে মারিনি। অভিযোগটি মিথ্যা। উল্টে ওঁরাই ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে খবর, ভাবুকের কুড়িয়াপাড়াতে ভাদু রাজবংশী (৬৩) বসবাস করেন। তাঁর বাড়িতে স্ত্রী সহ এক ছেলে এবং এক মেয়ে রয়েছেন। ছেলে এবং মেয়ের বিয়ে কয়েক বছর আগে হয়েছে। মেয়ে বাবার কাছে রয়েছেন। এদিন রেশন নিয়ে আসাকে কেন্দ্র করে বাবা এবং ছেলের মধ্যে বচসা হয়। একে অপরকে মারধর করেন বলে অভিযোগ। বৃদ্ধ ভাদু রাজবংশীর স্ত্রী সরলা রাজবংশী বলেন, রেশন দিয়ে ঝামেলা হয়েছিল। ছেলে বলে, বাবা কেন রেশন আনবে। এনিয়ে ছেলে নিজের বাবাকেই মারধর করে। আমি অসুস্থ। কিন্তু ছেলে আমাকেও ধাক্কা দেয়। গালমন্দ করে। হাঁসুয়া দিয়ে মারতে আসে। আমি দূরে না গেলে, বড় বিপদ হতো। আমরা প্রাণ বাঁচিয়ে থানায় এসেছি। আমরা এর বিচার চাই। দু’জনের শাস্তি দাবি রাখি। 
অন্যদিকে তাঁর অভিযুক্ত পূত্রবধূর অভিযোগ, রেশন নিয়ে এটা হয়েছে। রেশন আমাদের দেওয়া কথা ছিল। তা না করে ওরা নিয়েছে। এ ব্যাপারে মালদহ থানার পুলিস জানিয়েছে, থানায় প্রবীণ দম্পতি এসেছিলেন। আমরা গ্রামে পুলিস পাঠাব। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ