Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাবা মোবাইল কিনে না দেওয়ায় নবগ্রামে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

বাবা মোবাইল কিনে না দেওয়ায় নবগ্রামে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বাবা মোবাইল কিনে না দেওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। নবগ্রাম থানার পাঁচগ্রামে বুধবার এঘটনা ঘটেছে। মৃত সুদৃষ্ণা ঘোষ(১৪) পাঁচগ্রাম গার্লস হাইস্কুলে পড়াশোনা করত। পুলিস জানিয়েছে, ওই ছাত্রীর সহপাঠী মোবাইল কিনেছে। একই ফোন কিনে দেওয়ার জন্য চারদিন ধরে বাবার কাছে আবদার করছিল সুদৃষ্ণা। তার পছন্দের মোবাইলের দাম ছিল ১৫হাজার টাকা। সুদৃষ্ণার বাবা হরিপদ ঘোষ পেশায় ভাগচাষি। তিনি বলেন, স্ত্রীর হার্টের চিকিৎসা চলছে। চরম অনটন। মেয়েকে বলেছিলাম, কিছুদিন পর কিনে দেব। কিন্তু কিছুতেই বুঝছিল না। বারবার একই কথা বলায় রাগ করে বলেছিলাম, মোবাইল কিনে দিতে পারব না। তাতেই ওর আমার উপর অভিমান হয়। বাবার উপর রাগ করে বুধবার সুদৃষ্ণা স্কুলে যায়নি। ওইদিন সকাল ১০টা নাগাদ তার মা সোনালি ঘোষ ব্যাঙ্কের কিস্তির টাকা দিতে বেরিয়ে যান। কাজ সেরে বাড়ি ফিরে দেখেন, মেয়ে মেঝেতে পড়ে ছটফট করছে। তিনি পড়শিদের সাহায্যে মেয়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করেন। বুধবার রাতে সেখানেই সুদৃষ্ণার মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ