Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’কে হারাল বায়ার্ন মিউনিখ, জয়ী আর্সেনাল, ম্যাক অ্যালিস্টারের হেডে ভাঙল কুর্তোয়ার প্রাচীর

২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতি এখনও টাটকা রেড ডেভিলস অনুরাগীদের

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’কে হারাল বায়ার্ন মিউনিখ, জয়ী আর্সেনাল, ম্যাক অ্যালিস্টারের হেডে ভাঙল কুর্তোয়ার প্রাচীর
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিভারপুল: ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতি এখনও টাটকা রেড ডেভিলস অনুরাগীদের। প্রতিপক্ষ গোলের লক্ষ্যে ৯টি শট নিয়েও ফাইনালে হারতে হয়েছিল লিভারপুল। সৌজন্যে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কুর্তোয়ার প্রাচীর। মঙ্গলবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও সেই আশঙ্কা মাথাচাড়া দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাক অ্যালিস্টারের বিষাক্ত মাথার ছোবলে ভাঙল কুর্তোয়ার প্রাচীর। ঘরের মাঠে লিগ পর্বে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারাল আর্নে স্লটের দল। সেই সুবাদে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এলেন মহম্মদ সালাহরা। সমান পয়েন্টে থাকা রিয়াল গোল পার্থক্যে এগিয়ে পঞ্চম স্থানে। 
অ্যানফিল্ডে মঙ্গলবার লড়াইটা হল থিবো কুর্তোয়া বনাম লিভারপুলের। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে জাবি আলোন্সোর দলকে চেপে ধরেছিলেন সালাহ-রিটজরা। কিন্তু বেশিরভাগ আক্রমণগুলিই জমা পড়ছিল কুর্তোয়ার দস্তানায়। প্রথমার্ধেই চারটি সেভ করেন বেলজিয়ান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে সংখ্যাটি বেড়ে হয় ৬। কিন্তু শেষরক্ষা হল না। ৬১ মিনিটে ফ্রি-কিক থেকে সোবসলাইয়ের ভাসানো বল দুরন্ত হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার (১-০)। আবেগের বিস্ফোরণে কেঁপে ওঠে অ্যানফিল্ড। ৭৫ মিনিটে অবশ্য সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন এমবাপে। কিন্তু ভিনিসিয়াসের বাড়ানো বলে ফরাসি স্ট্রাইকারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৮১ মিনিটে লিভারপুলের প্রাক্তনী ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে মাঠে নামন রিয়াল কোচ জাবি। তখন অ্যানফিল্ডের গ্যালারি থেকে ভেসে আসতে থাকে কটূক্তি। বাকি সময়ে আর স্কোরলাইনের পরিবর্তন হয়নি।
এদিকে, গতবারের চ্যাম্পিয়ন পিএসজি’কে তাদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে মাটি ধরিয়েছে বায়ার্ন মিউনিখ। ৪ ও ৩২ মিনিটে লুইস ডিয়াজের জোড়া গোলে ২-০ লিড নেয় জার্মান ক্লাবটি। তবে প্রথমার্ধের সংযোজিত সময়ে আচরাফ হাকিমিকে কড়া ট্যাকেল করে ডিয়াজ সরাসরি লাল কার্ড দেখলে ধাক্কা খায় ভিনসেন্ট কোম্পানির দল। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে ৭৪ মিনিটে গোল করে পিএসজিকে লড়াইয়েও ফেরান হোয়াও নেভেস (২-১)। তবে বাকি সময়ে আর সমতায় ফিরতে ব্যর্থ প্যারিসের ক্লাবটি। সেই সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে শীর্ষে উঠে এল বায়ার্ন (৪ ম্যচে ১২ পয়েন্ট)। উল্লেখ্য, সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি আসরে টানা ১৬টি জয় পেল কোম্পানি-ব্রিগেড। অন্যদিকে, স্লাভিয়া প্রাহাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। বেলজিয়ান ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট গিলোইসের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়ী আতলেতিকো মাদ্রিদ।

Advertisement

লিভারপুল-১                          :                     রিয়াল মাদ্রিদ-০
(ম্যাক অ্যালিস্টার)

Advertisement
সম্পর্কিত সংবাদ