জগদ্ধাত্রী পুজোয় জমজমাট বাউড়িয়া, জন্মশতবর্ষে উত্তমকুমার থেকে সময়ের সাতকাহন
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বুধবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। তাই এদিন রীতিমত উৎসবের আমেজ হাওড়া জেলার বাউড়িয়ায়। এখানকার বাউড়িয়া, বুড়িখালি, বাসুদেবপুর, ঘোষালচক, সন্তোষপুর, রঘুদেবপুরসহ অন্যান্য এলাকা ও পাঁচলায় ছোটবড় মিলিয়ে শতাধিক পুজো হয়। ফলে লোকমুখে এই এলাকা মিনি চনন্দনগর হিসাবেও পরিচিত। থিম আর সাবেকিয়ানার মেলবন্ধনে জমজমাট এখানকার পুজো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে। বাসিন্দাদের বাড়িতে আত্মীয়স্বজনের আগমন ঘটে। পুজোকে কেন্দ্র করে মেলাও বসে। এক কথায় উৎসবের চেহার নেয় গোটা এলাকা। 

Advertisement

গত কয়েক বছরের মত এই বছরেও এখানকার একাধিক পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে। যেমন বাসুদেবপুর নেতাজি জন্মোৎসব পরিচালন সমিতির এবারের ভাবনা জন্মশতবর্ষে উত্তমকুমার। মণ্ডপের প্রবেশদ্বার থেকে ভিতর মহানায়কের জীবনের নানা কাহিনি দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপের ভিতরটা মহানায়ক অভিনীত খোকাবাবুর প্রত্যাবর্তন, বন পলাশীর পদাবলি, কাল তুমি আলেয়া, ছিন্নপত্র সহ বিভিন্ন সিনেমার পোস্টারে সেজে উঠেছে। এছাড়াও বিভিন্ন বছরে মহানায়কের বিভিন্ন সিনেমার তালিকাও মণ্ডপে তুলে ধরা হয়েছে।
বাসুদেবপুর বেলকুলাই নবোদয় পুজো কমিটির এবারের ভাবনা সময়ের সাতকাহন। মণ্ডপের বাইরে মানুষের কাছে সময়ের গুরুত্ব কতটা, সেটা বোঝানো হয়েছে। সন্তোষপুর যুবক সমিতি গোরুর গাড়ি, পালকি দিয়ে তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে। এছাড়াও বাউড়িয়া স্টেশন শান্তি সমন্বয় কমিটি, পশ্চিম বুড়িখালি দিশারী, প্রাপ্তি সংঘ, বিবর্তন, ঝাউতলা যাত্রী সংঘ, বুড়িখালি নেতাজি আদর্শ ব্যায়ামাগার, সন্তোষপুর সমাজশিক্ষা কেন্দ্র, সন্তোষপুর ক্ষুদিরাম সংঘ, ঘোষালচক পূর্বপাড়া, বাসুদেবপুর জগদ্ধাত্রী উন্নয়ন সমিতি, ঘোষালচক বিবেকানন্দ স্মৃতি সংঘ, রঘুদেবপুর বিবেকানন্দ পল্লির পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে।