Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তামিলনাড়ুতে ২১ দিন ধরে পুলিসের হাতে আটক বসিরহাটের যুবক

তাঁদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে তিন সম্তান।

তামিলনাড়ুতে ২১ দিন ধরে পুলিসের হাতে আটক বসিরহাটের যুবক
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ২১ দিন ধরে আটকে রাখার অভিযোগ উঠল তামিলনাড়ু পুলিসের বিরুদ্ধে। তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। বসিরহাটের টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব শেখ। তাঁদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে তিন সম্তান। গত প্রায় পাঁচ বছর ধরে তামিলনাড়ুর পেরেমবালা থানা এলাকার একটি ইটভাটায় কাজ করেন রাজীব। এতদিন কোনও সমস্যা হয়নি। ছন্দপতন হয় ২২ জুলাই। অভিযোগ, সেদিন আচমকাই পুলিস এসে তাঁকে থানায় তুলে নিয়ে যায়। তাঁর সঙ্গে আরও কয়েকজনকে জোর করে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। সেদিন থেকেই পরিবারের সঙ্গে রাজীবের আর কোনও যোগাযোগ নেই। তাঁর স্ত্রী মনোয়ারা বিবি বলেন, ‘স্বামীর পরিচিতদের কাছে জানতে পেরেছি, বাংলাদেশি সন্দেহে ওকে আটক করা হয়েছে। আমরা টাকি পুরসভার স্থায়ী বাসিন্দা। সমস্ত নথি দেখানোর পরেও ছাড়েনি। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি, আমার স্বামীকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে দিন।’ রাজীবের ছেলে জাহিদুল ইসলাম শেখ বলেন, ‘বাংলায় কথা বলছে বলেই আটকে রাখা হয়েছে বাবাকে। আমরা খুবই চিন্তিত।’ বিষয়টি নিয়ে বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘তামিলনাড়ু পুলিসের সঙ্গে যোগাযোগ হয়েছে। সমস্ত পরিচয়পত্র আমরা পাঠাচ্ছি। আশা করি দ্রুত তাঁকে ফেরানো যাবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ