সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: বিগ বাজেটের পুজো নয়। অল্প বাজেটেই মাতৃ আরাধনায় মেতে ওঠে সুন্দরবনের বিভিন্ন পুজো কমিটি। দর্শনার্থীদের মন জয় করতে কেউ থিমের দিকে যায়, কেউ বা সাবেকি পুজোতেই ভরসা করে। বাসন্তী ও গোসাবার বিভিন্ন দুর্গা পুজো কমিটি এবারও সেই ট্র্যাডিশন বজায় রেখেছে।
বাসন্তীর রাধাবল্লভপুর সর্বজনীন দুর্গোৎসব এবার ৩০ তম বছরে পদার্পণ করেছে। দর্শক টানতে এই পুজো কমিটি আদিযোগী শিব মন্দিরকে থিম হিসেবে বেছে নিয়েছে। পুজো কমিটির সম্পাদক চিন্টু দাস শর্মা বলেন, প্রায় আড়াই তলা বাড়ি সমান উঁচু কৈলাস পর্বতের আদলে মণ্ডপ হচ্ছে। তার উপরে থাকবে শিবের মূর্তি। সন্ধ্যার পর আলোর খেলায় অন্য রূপ পাবে প্যান্ডেল। থিমের পুজো হলেও ঠাকুর হচ্ছে সাবেকি ঘরানার। এবারের এই পুজোর বাজেট চার লক্ষ টাকা। ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
ঝড়খালি আঞ্চলিক সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার আলাদা করে কোনও থিম না করলেও পরিবেশ সচেতনতার বার্তা দিতে গ্রামীণ পরিবেশের আদলে মণ্ডপ তৈরি করছে। চারদিকে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, সেটা ঠেকাতেই সচেতনতামূলক বার্তা দেওয়া হবে মণ্ডপ থেকে। এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সভাপতি শিমুল সর্দার। কাঁঠালবেড়িয়া পঞ্চানন্দ সেবা মিলন মন্দিরের এবার ৩২ তম বর্ষ। কাল্পনিক মন্দিরের আদলের মণ্ডপ তৈরি হচ্ছে এখানে। গত বছর উদ্যোক্তারা ৫১ দুর্গা করেছিলেন। এবার নবদুর্গা থাকবে মণ্ডপে। পুজো কমিটির সম্পাদক বাপি সর্দার বলেন, মন্দির প্রাঙ্গণের মধ্যেই মণ্ডপ তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের আলো থাকবে। তার মধ্যে কিছু চন্দননগরের থেকেও আনা হয়েছে। সাত লক্ষ টাকা বাজেটে হচ্ছে পুজোর। ষষ্ঠীর দিন উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। গোসাবার পশ্চিম আরামপুর সর্বজনীন দুর্গোৎসবের এটা ৫৩ বছর। থিম নয়, সাবেকি পুজোতেই তারা দর্শনার্থীদের আকর্ষণ করবে। পুজো কমিটির সম্পাদক হরিদাস হালদার বলেন, কাল্পনিক মন্দিরের আদলে হবে প্যান্ডেল। প্রতিমা হচ্ছে সাবেকি ঘরানার। ৬ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে এই পুজোর। ষষ্ঠীর দিন উদ্বোধন হবে। রামনগর হরিশপুর কচুখালি পঞ্চদশ দুর্গা উৎসব কমিটির এবার ৭৫ তম বর্ষ। উদ্যোক্তাদের দাবি, প্রায় ১৮০ ফুট লম্বা ও ২৪ ফুট উঁচু মণ্ডপ তৈরি করা হচ্ছে। তাতে থাকবে ১৫টি দুর্গা। দ্বীপাঞ্চলে এটাই হতে চলেছে সবচেয়ে বড় চমক, দাবি পুজো কমিটির সম্পাদক দিবাকর মিস্ত্রির। সাত লক্ষ টাকার বাজেট এবার তাদের।
সেজে উঠছে ঝড়খালি আঞ্চলিক সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ। -নিজস্ব চিত্র