সংবাদদাতা, কৃষ্ণনগর : প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আকভানের জেরে পিছিয়ে গিয়েছে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রা। তিন দিন পিছিয়ে ২৩ ও ২৪ নভেম্বর নতুন দিনক্ষণ ঠিক করা হয়েছে। কিন্তু দিন পরিবর্তন হতেই নতুন সমস্যার মুখে পড়েছেন শহরের একাধিক বারোয়ারির উদ্যোক্তারা। একই সময়ে নবদ্বীপ ও শান্তিপুরে রাস উৎসব থাকায় ঢাকি ও বিভিন্ন বাজনার দলের সঙ্কট তৈরি হয়েছে। ফলে নির্ধারিত দিনে শোভাযাত্রার জন্য পর্যাপ্ত ঢাক ও বাজনার দল পাওয়া যাবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা।
প্রতি বছর কৃষ্ণনগরের বিসর্জন শোভাযাত্রায় ঢাক, ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের বিশেষ আকর্ষণ থাকে। শহরের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ঢাকি ও বাজনার দল আসে। অনেক আগে থেকেই বারোয়ারিগুলি নিজেদের পছন্দমতো দল বুকিং করে রাখে। কিন্তু এ বছর দুর্যোগের কারণে বিসর্জনের দিনক্ষণ বদলে যাওয়ায় সেই পরিকল্পনায় সমস্যা তৈরি হয়েছে। একই সময়ে নবদ্বীপ ও শান্তিপুরে রাস উৎসব থাকায় সেখানেও ঢাকি ও বাজনার দলের চাহিদা রয়েছে। অনেক দল আগে থেকেই রাস উৎসবের জন্য বুকিং নিয়ে রেখেছে। আবার বেশ কিছু দল দীর্ঘদিন ধরে কৃষ্ণনগরের বিসর্জনেও অংশ নিয়ে আসছে। ফলে একই সময়ে দুই জায়গায় যেতে না পারায় কোন অনুষ্ঠানে যোগ দেবে, তা নিয়ে দোটানায় পড়েছেন তাঁরা। বিশেষ করে দ্বিতীয় দিনের বিসর্জনে অংশ নেওয়া বারোয়ারিগুলি বেশি সমস্যায় পড়েছে। তাদের অনেকেরই ২০ নভেম্বরের জন্য আগে থেকে বাজনার দল বুকিং করা ছিল। কিন্তু দিন পরিবর্তনের ফলে সেই দলগুলিকে আর পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত পর্যাপ্ত ঢাক ও বাজনার দল না মিললে বিসর্জন শোভাযাত্রার জৌলুস কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ফলে নতুন দিনক্ষণ অনুযায়ী কীভাবে সমস্ত আয়োজন সামাল দেওয়া যায়, এখন সেই চিন্তাতেই রয়েছেন কৃষ্ণনগরের বারোয়ারিগুলি।
ক্লাব «আমরা ক জন» এর সদস্য শুভজিৎ ঘোষ বলেন, কৃষ্ণনগরের বিসর্জন শোভাযাত্রায় ঢাক ও বাজনার একটা আলাদা ঐতিহ্য রয়েছে। প্রতি বছরই ভালো দল আনার চেষ্টা করা হয়। কিন্তু এ বছর দিন পরিবর্তনের কারণে অনেক দলই অন্য অনুষ্ঠানে বুকিং নিয়ে নিয়েছে। ফলে শোভাযাত্রার আয়োজন নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। আশা করছি, শেষ পর্যন্ত কোনও একটা ব্যবস্থা হয়ে যাবে।
একদিকে রাস উৎসবের বুকিং, অন্যদিকে জগদ্ধাত্রী বিসর্জন। দুইয়ের মাঝে পড়ে ঢাকি ও বাজনার দলের সঙ্কট মেটাতে এখন শেষ মুহূর্তের তৎপরতা চালাচ্ছেন বারোয়ারির উদ্যোক্তারা। -নিজস্ব চিত্র



