Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পেল না বারাকপুর পুরসভা

সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পেল না বারাকপুর পুরসভা

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পেল না বারাকপুর পুরসভা
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পেল না বারাকপুর পুরসভা। সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৬ কোটি ২৭ লক্ষ টাকা। কিন্তু উঠেছে ৫ কোটি ৭ লক্ষ টাকা। সেই কারণে পঞ্চদশ অর্থ কমিশন ছ’কোটি টাকা পেল না বারাকপুর পুরসভা। যদিও সম্পত্তি কর বাবদ বারাকপুর পুরসভার বকেয়া রয়েছে ৬ কোটি টাকা। যার মধ্যে ৪ কোটি টাকা বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সরকারি প্রতিষ্ঠান থেকেই পাওনা রয়েছে। এক কোটি টাকা পাওনা রয়েছে রুগ্ন শিল্প প্রতিষ্ঠান থেকে। আর এক কোটি টাকা পাওনা রয়েছে বিভিন্ন বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। এবার এই টাকা আদায়ে বিশেষ অভিযানে নামতে চলেছে বারাকপুর পুরসভা। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, গত আর্থিক বছরে সম্পত্তি কর বাবদ যে টাকা আদায় হয়েছে, তার থেকে ১১ শতাংশ বেশি আদায় করতে হবে। তাহলেই পাওয়া যাবে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা। সেই হিসেবে টার্গেট দেওয়া হয়েছিল ৬ কোটি ২৭ লক্ষ টাকা। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। পুর-কর্তৃপক্ষ দাবি করেছে, রাজ্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কাছে বকেয়া থাকায় লক্ষ্য পূরণ না হওয়ার অন্যতম কারণ। যেমন, বারাকপুর প্রশাসনিক ভবনের কাছে বকেয়া রয়েছে ২১ লক্ষ টাকা। লাটবাগানের বিভিন্ন ব্যাটালিয়নের কাছ থেকে পাওনা তিন কোটি টাকা। বনদপ্তরের কাছে পাওনা ৪০ লক্ষ টাকা। পূর্তদপ্তরের কাছে বকেয়া ২৫ লক্ষ টাকা। পুলিস কমিশনারের অফিসের কাছে পাওনা দেড় লক্ষ টাকা। রাজ্য ও কেন্দ্র সরকারের প্রতিষ্ঠানের কাছে পাওনা ৪ কোটি টাকা। রুগ্ন শিল্পের কাছে পাওনা এক কোটি টাকা। বারবার নোটিস দিলেও সেখান থেকে কোনও সাড়া পাচ্ছে না বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা না পাওয়ায় রাস্তা, ড্রেন সহ বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে। এছাড়াও পুরসভার কাজকর্ম পরিচালনা করতে খুবই সমস্যা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ