Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর বারাসত রোড এবার চার লেনের হচ্ছে, বরাদ্দ ২০ কোটি টাকা

রোজ বিশেষত অফিস টাইমে বারাকপুর-বারাসত রোডে যান যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ মানুষকে। তাই দীর্ঘদিন ধরেই রাস্তাটিকে আরও চওড়া করার দাবি জানাচ্ছিলেন এলাকার বাসিন্দারা।

বারাকপুর বারাসত রোড এবার চার লেনের হচ্ছে, বরাদ্দ ২০ কোটি টাকা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রোজ বিশেষত অফিস টাইমে বারাকপুর-বারাসত রোডে যান যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ মানুষকে। তাই দীর্ঘদিন ধরেই রাস্তাটিকে আরও চওড়া করার দাবি জানাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। সেই অনুসারে এবার বারাসত-বারাকপুর রোডকে চার লেনে সম্প্রসারণ করার উদ্যোগ নিল পূর্তদপ্তর। মাঝখানে থাকবে ডিভাইডার। জানা গিয়েছে, পূর্তদপ্তর, কেএমডিএ, বিদ্যুৎ দপ্তর, পুরসভার ইঞ্জিনিয়াররা গত শুক্রবার যৌথভাবে রাস্তাটি পরিদর্শন করেছেন। খুব শীঘ্রই কাজ শুরু হবে। প্রথমে রাস্তার দু’ধারে ড্রেন তৈরি করা হবে। একই সঙ্গে বিদ্যুতের খুঁটি, মাটির নীচের পাইপ সরানোর কাজ চলবে। এই কাজগুলি করতে আট কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। এছাড়া গোটা রাস্তার জন্য পূর্তদপ্তর মোট কুড়ি কোটি টাকা বরাদ্দ ধরেছে। বছর খানেকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

Advertisement

পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই কাজের ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়ে গিয়েছে। রাস্তাটিকে চওড়া করার করার জন্য স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী পূর্তমন্ত্রী পুলক রায়ের কাছে আবেদন করেছিলেন। বিদ্যুতের পোল সরানোর সমস্যা নিয়ে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকও করেছিলেন। শেষ পর্যন্ত সমাধান সূত্র মিলেছে। বিদ্যুৎ দপ্তর তাদের খুঁটিগুলি সরিয়ে নেবে। এজন্য পূর্তদপ্তর তাঁদের টাকা দেবে।
বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছেন, এই রাস্তাটির সম্প্রসারণ খুব জরুরি ছিল। কারণ এর মসজিদ মোড়, নোনাচন্দনপুকুর বাজার, বটতলা মোড়, জাফরপুর মোড় প্রভৃতি এলাকায় গাড়ির লম্বা লাইন লেগেই থাকে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যাবেলায় এই রাস্তা পারাপার করা কঠিন হয়ে দাঁড়ায়। যান যন্ত্রণায় ভুগতে হয় বারাকপুরবাসীকে। আমরা পূর্ত ও বিদ্যুৎ দপ্তরের কাছে দফায় দফায় সমস্যার কথা উল্লেখ করেছি। প্রকল্পটি অনুমোদন হয়েছে। এটা বারাকপুরবাসীর জন্য খুবই খুশির খবর। অবশ্য কিছুদিন একটু কষ্ট সহ্য করতে হবে। তারপর রাস্তাটির চেহারাই বদলে যাবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ