Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচবারের বিধায়ক, ‘দাবাং’ অর্জুন সিং মন্ত্রী হওয়ায় খুশি বারাকপুর শিল্পাঞ্চল

৪৩ বছরের রাজনৈতিক জীবন। একবার সাংসদ। পাঁচবারের বিধায়ক ‘দাবাং’ অর্জুন সিং রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর সম্মান পাওয়ায় খুশি এলাকাবাসী।

পাঁচবারের বিধায়ক, ‘দাবাং’ অর্জুন সিং মন্ত্রী হওয়ায় খুশি বারাকপুর শিল্পাঞ্চল
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ৪৩ বছরের রাজনৈতিক জীবন। একবার সাংসদ। পাঁচবারের বিধায়ক ‘দাবাং’ অর্জুন সিং রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর সম্মান পাওয়ায় খুশি এলাকাবাসী। সোমবার বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় ফাটানো হয় বাজি, চলে লাড্ডু বিতরণ। খুশির হাওয়া বারাকপুর শিল্পাঞ্চলে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে এই প্রথম কোনো বিধায়ক মন্ত্রী হলেন। ভাটপাড়া বিভিন্ন জায়গায় এবং গাড়ুলিয়া পুরসভায় বড়ো স্ক্রিন লাগিয়ে দেখানো হয় অর্জুন সিংয়ের শপথগ্রহণ অনুষ্ঠান। প্রাক্তন বিধায়ক তথা গাড়ুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল সিং বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান দেখলেন। মুখ্যসচিব মনোজ আগরওয়াল অর্জুন সিংয়ের নাম ঘোষণা করতেই শুরু হল হাততালি। এই ছবি ভাটপাড়া, গাড়ুলিয়া সর্বত্র। স্লোগান উঠল, জয় শ্রীরাম, অর্জুন সিং জিন্দাবাদ।

Advertisement

লাড্ডু বিতরণ হল নোয়াপাড়া বিধানসভার বিভিন্ন জায়গায়। বাজি ফাটল ভাটপাড়ার মেঘনা মোড়, গোলঘর সহ বিভিন্ন এলাকায়। লাড্ডু বিতরণ হল কাঁচরাপাড়া এবং হাজিনগরে। আনন্দ উচ্ছ্বাসের মাঝেই সুনীল সিং বলেন, এর আগে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে কোনো বিধায়ক মন্ত্রী হননি। এই খবর নোয়াপাড়াবাসীর কাছে খুব আনন্দের। নোয়াপাড়ার মানুষের জন্য আরও অনেক কাজ করার সুযোগ পেলেন অর্জুন সিং। উনি মন্ত্রী হওয়ায় বারাকপুর শিল্পাঞ্চলের সার্বিক উন্নতি হবে। বারাকপুর শিল্পাঞ্চলের সর্বজনগ্রাহ্য নেতা হলেন অর্জুন সিং।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শপথ নেওয়ার জন্য  রবিবার রাতেই অর্জুন সিংয়ের কাছে ফোন আসে। তিনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মেঘনা মোড়ের শীতলা মন্দিরে পুজো দেন। এরপর ফলহারিণী মন্দিরে গিয়ে পুজো দেন। উপস্থিত অনুগামী এবং শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা জানান। মন্ত্রী হওয়ার পরে অর্জুন সিং বলেন, খুবই ভালো লাগছে। যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করব। আমি ৪৩ বছর ধরে মানুষের জন্য কাজ করেছি। চারবার তৃণমূলের বিধায়ক হয়েছিলাম। কিন্তু আমাকে কখনও মন্ত্রী করা হয়নি। বিজেপির বিধায়ক হিসাবে মন্ত্রী হলাম। মানুষের জন্য কাজ করব। কারও উপর ক্ষোভ নেই। বিরোধীদল বা প্রতিপক্ষের বিরুদ্ধেও রাগ নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ