নিজস্ব প্রতিনিধি, বরানগর: আন্দোলন চলাকালীন পুলিসকে কুকথা ও হুমকি দেওয়ার অভিযোগে শনিবার রাতে বারাকপুরের এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। টিটাগড় থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিশাল জয়সওয়াল। তিনি বারাকপুর বিধানসভা এলাকায় বিজেপির কনভেনার। তাঁর গ্রেপ্তারি নিয়ে বারাকপুর জুড়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। যদিও পুলিসের দাবি, আইন মেনে পদক্ষেপ করা হয়েছে।
বারাকপুর পুরসভা এলাকার বিভিন্ন রাস্তার হাল বেহাল। রাস্তা সংস্কারের দাবিতে ১৪ আগস্ট পথ অবরোধ করেছিল বিজেপি। ওই অবরোধ তুলতে আসা পুলিসকর্মীদের সঙ্গে বিজেপি নেতা, কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। তখনই পুলিসকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা বিশাল জয়সওয়ালের বিরুদ্ধে। এই নিয়ে পুলিস তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল। শনিবার রাতে তাঁকে পুলিস গ্রেপ্তার করে।
এই বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিজেপি কর্মীরা আন্দোলন করেছিলেন। অথচ, পুলিস মিথ্যা মামলা করে গ্রেপ্তার করেছে। রাজনৈতিক ষড়যন্ত্রে পুলিসও শামিল হয়েছে। আর বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, আমি শুনেছি আন্দোলনের নামে ওঁরা পুলিসকে গালিগালাজ ও মারধর করেছেন। তাই, পুলিস আইনানুগ পদক্ষেপ করেছে।