নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ৫০ ভরি সোনা ও ১০০ কেজি রুপোর গয়না খুলে ফুলের রাজবেশ পরিয়ে আজ শুক্রবার গঙ্গায় নৈহাটির বড়োমাকে নিরঞ্জন করা হবে। এই বিসর্জনকে কেন্দ্র করে নৈহাটির ফেরিঘাটে ব্যাপক ভিড় হয়। ভিড় হয় অরবিন্দ রোডের দু’ধারেও।
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ৫০ ভরি সোনা ও ১০০ কেজি রুপোর গয়না খুলে ফুলের রাজবেশ পরিয়ে আজ শুক্রবার গঙ্গায় নৈহাটির বড়োমাকে নিরঞ্জন করা হবে। এই বিসর্জনকে কেন্দ্র করে নৈহাটির ফেরিঘাটে ব্যাপক ভিড় হয়। ভিড় হয় অরবিন্দ রোডের দু’ধারেও।
বিসর্জন পর্ব নির্বিঘ্নে সারতে ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, অরবিন্দ রোডে কোনও দর্শনার্থীকে ব্যারিকেডের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। থাকতে পারবেন শুধু মন্দির কমিটির সদস্যরা। বিসর্জনের শোভাযাত্রায় অনেকেই মায়ের উদ্দেশে বাতাসা ছুড়ে দেন, তাঁদের বাতাসার বদলে ফুল ছুড়তে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
দু’বছর আগে বিসর্জনের সময় দুর্ঘটনায় একজন মারা গিয়েছিলেন, যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য এবার সতর্ক পুলিশ-প্রশাসন। বেলা ১টায় মাকে সাজানো হবে ফুল দিয়ে। তারপর শোভাযাত্রার মধ্যে দিয়ে গঙ্গায় নিরঞ্জন করা হবে। বড়মাকে নিরঞ্জনের পর হবে নৈহাটির অন্য প্রতিমার বিসর্জন।
বিসর্জনকে ঘিরে শুক্রবার সকাল থেকেই আর বি সি রোড, শ্যাম রোড, অরবিন্দ রোডে সম্পূর্ণভাবে যান চলাচল নিষিদ্ধ করা হবে। বৃহস্পতিবারও বড়োমাকে দেখতে মানুষের ঢল নেমেছিল। এদিন সন্ধ্যায় ১০ কুইন্টাল চালের পোলাও, আলুর দম মায়ের ভোগ হিসেবে পুরসভার সামনে থেকে বিতরণ করা হয়। বড়োমা পুজো কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, মন্দিরে এবং বাইরে দু’জায়গাতেই নিত্য পুজো হচ্ছে মায়ের। এবার মাকে দর্শন করতে কয়েক লক্ষ মানুষ নৈহাটিতে এসেছেন। অতীতের সমস্ত রেকর্ড এবার ছাপিয়ে গিয়েছে। আজ বিসর্জনে সকলের সহযোগিতা আমরা আশা করছি।
বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন, বড়োমার বিসর্জন যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে। আমরা দর্শনার্থীদের অনুরোধ করব, আপনারা কেউ রাস্তায় নামবেন না। যাঁদের অনুমতি আছে, তাঁরা ছাড়া আর কেউ গঙ্গায় নামতে পারবেন না। গঙ্গায় বোট নিয়ে থাকবেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
বড়োমা মন্দির কমিটির সভাপতি নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, অতীতে দেখা গিয়েছে, বড়োমার বিসর্জনের সঙ্গে সঙ্গে বহু মানুষ গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। তাঁদের অনুরোধ, এমন কাজ করবেন না। মাকে বাতাসার বদলে ফুল ছুড়ুন।