


বার্সেলোনা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় বার্সেলোনার। বুধবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে প্রথমার্ধে পিছিয়ে থেকেও কোপেনহেগেনকে ৪-১ গোলে বশ মানাল হান্স ফ্লিকের ছেলেরা। সেই সুবাদে গ্রুপ পর্বে প্রথম আটে শেষ করায় সরাসরি প্রি কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করল কাতালন ক্লাবটি। ম্যাচে বার্সেলোনার হয়ে জাল কাঁপান যথাক্রমে রবার্ট লিওয়ানডস্কি, লামিনে ইয়ামাল, রাফিনহা ও মার্কাস র্যাশফোর্ড। কোপেনহেগেনের একমাত্র গোলটি ভিক্টর দাওসনের। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে গ্রুপ অভিযান শেষ করল ফ্লিক ব্রিগেড।
দিনের অপর ম্যাচে কুয়ারাবাগকে হাফ ডজন গোলের মালা পরাল লিভারপুল। ম্যাচে জোড়া গোল ম্যাক অ্যালিস্টারের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ফ্লোরিয়ান রির্টজ, মো সালাহ, হুগো একিতিকে ও ফেডেরিকো চিয়েসা। এই জয়ের সুবাদে গ্রুপ পর্বে তৃতীয় স্থানে শেষ করল লিভারপুল (৮ ম্যাচে ১৮ পয়েন্ট)। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অল উইন রেকর্ড বজায় রাখল আর্সেনাল। টানা ৮ ম্যাচে জিতে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করল মিকেল আর্তেতা ব্রিগেড। বুধবার ঘরের মাঠে গানাররা ৩-২ গোলে হারাল কাইরাতকে। বিজয়ী দলের হয়ে জাল কাঁপান ভিক্টর গোয়েকেরাস, কাই হাভার্ট ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এছাড়া বুধবার জিতে সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে গালাতাসারেকে ২-০ গোলে হারাল পেপ-ব্রিগেড। ম্যাচের দুই গোলদাতা আর্লিং হালান্ড ও রায়ান চের্কি। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করল সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি প্রি কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের অপর দুই ক্লাব চেলসি ও টটেনহ্যাম।
এদিকে, নিউকাসলের সঙ্গে ড্র করে সরাসরি শেষ ষোলোর টিকিট অর্জন করতে ব্যর্থ গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। বুধবার ম্যাচের আগে পঞ্চম স্থানে ছিল এনরিকে ব্রিগেড। তবে এদিনের ড্রয়ের ফলে একাদশ স্থানে নেমে যায় তারা। এছাড়া পিএসভি’কে ২-১ গোলে হারাল বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের ফল
লিভারপুল- ৬ : কুয়ারাবাগ- ০ বার্সেলোনা- ৪: কোপেনহেগেন- ১ আর্সেনাল- ৩ : কাইরাট- ২ ম্যান সিটি- ২ : গালাতাসারে- ০ নাপোলি- ২ : চেলসি- ৩ পিএসভি- ১: বায়ার্ন মিউনিখ- ২ পিএসজি- ১ : নিউকাসল- ১ মোনাকো- ০ : জুভেন্তাস- ০ ডর্টমুন্ড- ০ : ইন্তার মিলান- ২ ফ্র্যাঙ্কফুর্ট- ০ : টটেনহ্যাম- ২