পিছিয়ে পড়েও দুরন্ত জয়, শীর্ষস্থান অটুট বার্সেলোনার
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আতলেতিকো মাদ্রিদ- ১  :        বার্সেলোনা- ২
(সিমিওনে)                              (ফারমিন-২)

Advertisement

মাদ্রিদ: ‘আলভারেজ’ ডার্বিতে অ্যাডভান্টেজে থেকেও হারতে হয়েছিল বার্সেলোনাকে। মন না চাইলেও চুক্তির জাঁতাকলের জেরে আরও এক মরশুম আতলেতিকো মাদ্রিদেই থেকে যেতে হয় আর্জেন্তাইন স্ট্রাইকারকে। মাঠের বাইরে সেই লড়াইয়ে হারের মুধর প্রতিশোধ নিল কাতালন ক্লাবটি। রবিবার লা লিগায় ওয়াডা মেট্রোপোলিটানোয় পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল বার্সা। সেই সুবাদে লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল হান্স ফ্লিকের ছেলেরা (১২ ম্যাচে ৩৩ পয়েন্ট)। আর ঘরের মাঠে হেরে তৃতীয় স্থানে নামল আতলেতিকো (১২ ম্যাচে ২৮ পয়েন্ট)। সমসংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। রবিবার হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে শুরুতেই আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে দেন গুইলিয়ানো সিমিওনে। দ্বিতীয়ার্ধে ফারমিন লোপেজের জোড়া গোলে বিপক্ষের ডেরা থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন লামিনে ইয়ামালরা।
চলতি মরশুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য দেখাচ্ছে বার্সেলোনাকে। পিএসজি ও রিয়ালের কাছে হেরে সাময়িক ধাক্কা খেলেও, শেষ দু’ম্যাচে আবারও চেনা ট্র্যাকে রাফিনহারা। আতলেতিকোর বিরুদ্ধেও সেই দাপট বজায় রাখতে মরিয়া ছিলেন তাঁরা। গতবার মাদ্রিদের ক্লাবটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে থেকে বিদায় নিতে হয় হান্স ফ্লিক ব্রিগেডকে। তার উপর মরশুমের শুরুতে আলভারেজকে নিয়ে চলে বিস্তর টানাপোড়েন। রবিবার তাই এই দুই দলের লড়াইয়ের দিকে নজর ছিল সকলের। চলতি মরশুমে বেশ কিছু দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছে সিমিওনে ব্রিগেড। ঘরের মাঠে বার্সাকেও চমক দেওয়াই লক্ষ্য ছিল তাদের। ম্যাচের শুরুতেই দু’দলের একটি করে শট পোস্টে লাগে। এরপর ১০ মিনিটে আলভারেজের পাস থেকে আতলেতিকোকে এগিয়ে দেন গুইলিয়ানো সিমিওনে (১-০)। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছালেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হোম টিম। উলটে, প্রথমার্ধের শেষ মুহূর্তে দুরন্ত গোলে দলকে সমতায় ফেরান ফারমিন লোপেজ (১-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্র্যাঙ্কি ডে জং মাঠে নামতেই আরও বেশি ভয়ঙ্কর দেখায় বার্সাকে। ৬৬ মিনিটে ইয়ামালের বিষাক্ত পাস থেকে দলের জয় নিশ্চিত করেন লোপেজ (২-১)। এরপর সুযোগ পেলেও ম্যাচে  ঘুরে দাঁড়াতে পারেনি আতলেতিকো।