Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বরুসিয়ার বিরুদ্ধে আজ জিততে মরিয়া বার্সেলোনা

গত ২২ ম্যাচে ১৮টি জয়। শেষ হার গত বছর ২২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে। কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে স্বপ্নের ফর্মে রয়েছে বার্সেলোনা।

বরুসিয়ার বিরুদ্ধে আজ জিততে মরিয়া বার্সেলোনা
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: গত ২২ ম্যাচে ১৮টি জয়। শেষ হার গত বছর ২২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে। কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে স্বপ্নের ফর্মে রয়েছে বার্সেলোনা। আর তাতেই দীর্ঘ সময় বাদে ঘরোয়া ফুটবলে ত্রিমুকুট জয়ের আশা জাগিয়েছে কাতালন ক্লাবটি। স্প্যানিশ সুপার কাপ ইতিমধ্যেই ঘরে তুলেছে তারা। কোপা ডেল রে’র ফাইনালে পৌঁছেছেন লিওয়ানডস্কিরা। পাশাপাশি লা লিগায় আপাতত শীর্ষস্থানে বার্সা। এবার ইউরোপ সেরার লড়াইয়েও এই ছন্দ ধরে রাখাই লক্ষ্য হান্স ফ্লিক-ব্রিগেডের। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সেলোনা। ঘরের মাঠে জিতে সেমি-ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য রাফিনহা-লামিনে ইয়ামালদের।
ইউরোপিয়ান সার্কিটে বার্সেলোনার শেষ সাফল্য এক দশক আগে। ২০১৫ সালে জুভেন্তাসকে হারিয়ে পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলেছিল ক্যাম্প ন্যু’য়ের ক্লাবটি। তারপর ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি তাদের কপালে। ২০১৯ সালের পর তো শেষ আটের গণ্ডি টপকাতে পারেনি তারা। তবে চলতি মরশুমে জার্মান কোচের হাত ধরে ফের ইউরোপ সেরার স্বপ্ন দেখছেন কাতালুনিয়ানরা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩২বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন বার্সা অ্যাটাকাররা। তাই বরুসিয়ার বিরুদ্ধে আরও একবার বড় ব্যবধানে জয়েই চোখ লিওয়ানডস্কিদের। পরিসংখ্যান বলছে, জার্মান ক্লাবটির বিরুদ্ধে অতীতে পাঁচবারের সাক্ষাতে অপরাজিত বার্সা। জয় পেয়েছে তিনবার। চ্যাম্পিয়ন্স লিগের আসরে ২০১৯ সালে গ্রুপ পর্বে শেষবার মুখোমুখি হয়েছিল এই দু’দল। সেবার প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জয় পায় বার্সা।
চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে লা লিগায় শেষ ম্যাচে রাফিনহাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ ফ্লিক। বুধবার অবশ্য ইয়ামাল ও লিওয়ানডস্কির সঙ্গে আপফ্রন্টে শুরু করবেন এই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার। পক্ষান্তরে, গতবার রিয়ালের কাছে ফাইনালে হেরে ইউরোপ সেরার স্বপ্নভঙ্গ হয়েছিল বরুসিয়ার। তবে চলতি মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে জার্মান ক্লাবটি। বুন্দেশলিগায় অষ্টম স্থানে রয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য বার্সাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে তৈরি নিকো কোভাচের ছেলেরা। দিনের অপর ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।

Advertisement

 বার্সেলোনা : বরুসিয়া ডর্টমুন্ড  পিএসজি : অ্যাস্টন ভিলা
* ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে। সরাসরি সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ