Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দু’গোলে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয় বার্সেলোনার

অ্যাওয়ে ম্যাচে ৭০ মিনিটে দু’গোলে পিছিয়ে পড়া। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন

দু’গোলে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয় বার্সেলোনার
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: অ্যাওয়ে ম্যাচে ৭০ মিনিটে দু’গোলে পিছিয়ে পড়া। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন। আর তারই সুবাদে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ৪-২ গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। জোড়া গোলে ম্যাচের নায়ক ‘সুপার-সাব’ ফেরান তোরেস। এছাড়া কাতালন ক্লাবটির হয়ে জাল কাঁপান রবার্ট লিওয়ানডস্কি ও লামিনে ইয়ামাল। এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। সমসংখ্যক পয়েন্ট থাকলেও এক ম্যাচ বেশি খেলায় দ্বিতীয় স্থানে নামল রিয়াল মাদ্রিদ। আর ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল আতলেতিকো।
গত বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের আসরে মাদ্রিদ ডার্বিতে টাই-ব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় আতলেতিকোকে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবার লা লিগায় বার্সার কাছে হার সিমোনে-ব্রিগেডের। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বেশ হতাশ দেখাল আলভারেজ-ডে পলদের। প্রথমার্ধের শেষলগ্নে দুরন্ত গোলে আতলেতিকোকে এগিয়ে দেন আলভারেজ। বাঁদিক থেকে গ্রিজম্যানের সেন্টার ধরে আর্জেন্তাইন স্ট্রাইকারকে গোলের জন্য বল সাজিয়ে দেন গুইলিয়ানো সিমোনে। তা থেকে জাল কাঁপাতে ভুল করেননি আলভারেজ (১-০)। এরপর ৭০ মিনিটে আতলেতিকোর হয়ে ব্যবধান বাড়ান আলেকজান্ডার সরলোথ (২-০)।
অ্যাওয়ে ম্যাচে দু’গোলে পিছিয়ে পড়েই পাল্টা চাপ বাড়ায় বার্সা। দু’মিনিটের মধ্যেই ব্যবধান কমান লিওয়ানডস্কি (২-১)। এরপর ৭৮ মিনিটে রাফিনহার সেন্টার থেকে অনবদ্য হেড ফেরান তোরেসের (২-২)। সংযোজিত সময়ে বক্সের বাইরে থেকে জাল কাঁপিয়ে বার্সাকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল (৩-২)। আর ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই ম্যাচে দ্বিতীয়বার জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করেন তোরেস (৪-২)।

Advertisement

 

আতলেতিকো- ২                              :                                বার্সেলোনা- ৪
(আলভারেজ, সরলোথ)                        (লিওয়ানডস্কি, তোরেস-২, ইয়ামাল)

Advertisement
সম্পর্কিত সংবাদ