ব্রাসেল: গত কয়েক বছরে একাধিক ডিফেন্ডার সই করিয়েছে বার্সেলোনা। তবে তাঁরা কেউই ধারাবাহিকভাবে ভরসা জোগাতে পারেনি। গত মরশুমে হান্স ফ্লিকের প্রশিক্ষণে ইনিগো মার্তিনেজ নজর কাড়লেও, এবার তাঁকে ধরে রাখতে ব্যর্থ ক্লাব। তাই রক্ষণ ফের দুর্বল। এল ক্লাসিকোয় হারের পর বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রাগের বিরুদ্ধে তিনবার পিছিয়ে পড়ে কোনওক্রমে ৩-৩ গোলে ড্র করল ফ্লিক-ব্রিগেড। এর ফলে পয়েন্ট তালিকায় ১১ নম্বর স্থানে নেমে গেল বার্সা (৪ ম্যাচে ৭ পয়েন্ট)। ম্যাচে কাতালন ক্লাবটির হয়ে জাল কাঁপান ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল। অপর গোলটি ক্রিস্টোস জোলিসের আত্মঘাতী। ক্লাব ব্রাগের হয়ে জোড়া গোল কার্লোস ফোর্বসের। অপর গোলদাতা নিকোলো ত্রেসোলডি। উল্লেখ্য, টুর্নামেন্টে সরাসরি নক-আউটের টিকিট নিশ্চিত করতে প্রথম আটে থাকতে হবে বার্সাকে। তবে এই ড্রয়ের ফলে সেই পথটা কিছুটা কঠিন হল তাদের। আগামী ২৫ নভেম্বর পরের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ফ্লিকের ছেলেরা।



