Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লা লিগায় জিতল বার্সেলোনা ও রিয়াল

লা লিগায় জিতল বার্সেলোনা ও রিয়াল
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিয়াল মাদ্রিদ- ৩     :      লেগানেস- ২
বার্সেলোনা- ৪       :       জিরোনা- ১

Advertisement

মাদ্রিদ: রিয়ালের জার্সিতে অভিষেকটা মোটেই সুখকর হয়নি কিলিয়ান এমবাপের। প্রথম কয়েক ম্যাচ পরেই ফরাসি তারকার যোগদান নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কোচ আনসেলোত্তি। ইতালিয়ান কোচের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে সময়ের সাথে ক্রমশ নিজেকে মেলে ধরছেন এমবাপে। শনিবার লা লিগায় তাঁর জোড়া গোলে ভর করে লেগানেসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় ছিনিয়ে নিল রিয়াল। ম্যাচে রিয়ালের অপর গোলদাতা জুড বেলিংহ্যাম। লেগানেসের হয়ে জাল কাঁপান ডিয়েগো গার্সিয়া ও ডানি রাবা। এদিন জোড়া লক্ষ্যভেদের সুবাদে রিয়ালের জার্সিতে অভিষেক মরশুমে রোনাল্ডোর করা ৩৩ গোলের নজিরকে স্পর্শ করলেন এমবাপে। ৪৪ ম্যাচে এই লক্ষ্যে পৌঁছান তিনি। রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসাতে পেরে আপ্লুত এমবাপে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে রোনাল্ডোর অবদান সকলের জানা। তাই প্রথম বছরেই তাঁর রেকর্ড স্পর্শ করতে পারাটা আমার কাছে বড় প্রাপ্তি। রোনাল্ডোর সঙ্গে যখনই কথা হয়, ও আমাকে পরামর্শ দেয়। ও শুধু গোল করেনি, দলকে সাফল্য এনে দিয়েছে। আমাকেও সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’
এদিকে, রবিবার ঘরের মাঠে জিরোনাকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা। সেই সঙ্গে ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল ফ্লিকের ছেলেরা। সমসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। জোড়া গোলে ম্যাচের নায়ক রবার্ট লিওয়ানডস্কি। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৪০টি গোল করলেন পোলিশ তারকা। এছাড়া কাতালন ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম তোলেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ফেরান তোরেস। অপর গোলটি আত্মঘাতী। জিরোনার একমাত্র গোলটি আর্নট ডানজুমার।

Advertisement
সম্পর্কিত সংবাদ