Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইন্তার মিলানকে হারাতে আজ বার্সার ভরসা তারুণ্যের চতুর্ভুজ

ইন্তার মিলানকে হারাতে আজ বার্সার ভরসা তারুণ্যের চতুর্ভুজ
  • ৬ মে, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সোমনাথ বসু , কলকাতা: ২০১০ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল এখনও ভুলতে পারেননি পেপ গুয়ার্দিওলা। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট  হয়েও তাঁর দলকে ছিটকে যায় শেষ চারের লড়াই থেকে। উল্টোদিকে ‘দ্য স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোর ইন্তার মিলান সেবার সব হিসেবনিকেশ বদলে দিয়েছিল। সান সিরোতে প্রথম লেগে ইন্তার জেতে ৩-১ ব্যবধানে। ন্যু ক্যাম্পে ফিরতি পর্বে জেরার্ড পিকের গোলে বার্সা জিতলেও তা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল না। মনে রাখতে হবে, সেবার ফাইনালেও শেষ হাসি হাসে ইন্তার মিলান। ডিয়েগো মিলিতোর জোড়া লক্ষ্যভেদে পরাস্ত হয় বায়ার্ন মিউনিখ। 

Advertisement

দেখতে দেখতে কেটে গিয়েছে পনেরো বছর। ইতালির পো এবং স্পেনের এবরো নদী বয়েছে নিজস্ব ছন্দে। কিন্তু সেদিনের সেই ক্ষত এখনও টাটকা কাতালন ফুটবলপ্রেমীদের হৃদয়ে। মঙ্গলবার সান সিরোয় ইন্তারকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে চান তাঁরা। প্রতিযোগিতার নাম সেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর পর্বটাও এক, সেমি-ফাইনাল। গত সপ্তাহে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-৩ গোলে রুখে দেয় ইন্তার। কিন্তু অভিজ্ঞ কোচ সিমোনে ইনজাঘি জানেন, রক্ষণাত্মক স্ট্র্যাটেজি তাঁর দলের বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। কারণ, ইয়ামাল-রাফিনহা-তোরেস-ওলমোর চতুর্ভুজ সামলানোর ক্ষমতা ইন্তারের নেই। তারুণ্যের জোয়ারে উদ্দীপ্ত এই বার্সেলোনা। আর ফিট হয়ে ওঠা রবার্ট লিওয়ানডস্কি মাঠে নামলে তো কথাই নেই। কিন্তু রক্ষণ যে অগোছাল ফ্লিক-ব্রিগেডের। সেটপিস এবং দু’প্রান্ত থেকে ভেসে আসা বল মোকাবিলায় বারবার ব্যর্থ আরাহু-কুবার্সিরা। তাই ঘরের মাঠে ইন্তার কোচ অবশ্যই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনাকে চাপে ফেলতে চাইবেন। চোট সারিয়ে আর্জেন্তাইন তারকা লাওতারো মার্তিনেজ ফিরলে অবশ্যই স্বস্তি বাড়বে সমর্থকদের। 
চলতি চ্যাম্পিয়ন্স লিগের ডার্ক হর্স অবশ্যই ইন্তার মিলান। কিন্তু হান্স ফ্লিকের বার্সেলোনার কাছে ঘোড়া বাঁধার দড়ি মজুত। একঝাঁক তরুণ ফুটবলারই এই দলের সম্পদ। শুধু পাসিং ফুটবলই নয়, মিডল ও অ্যাটাকিং থার্ডে ওপেন স্পেস বের করে নিতে ওস্তাদ ফ্লিক-ব্রিগেড। লা লিগার গত ম্যাচে ভায়াডলিডের বিরুদ্ধে তার প্রমাণ মিলেছে। ইন্তারের বিরুদ্ধে ফ্লিক তাঁর পছন্দের ৪-২-৩-১ ফর্মেশনেই দল সাজাবেন। আর ইনজাঘির ভরসা ৩-৫-২ ছক। বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন চোট সারিয়ে লা লিগায় ফিরলেও মঙ্গলবার সেজনির উপরই আস্থা রাখছেন ফ্লিক। রক্ষণ বিন্যাস ঠিক রাখাই তাঁর বড় চ্যালেঞ্জ। ইন্তারকে থামানোর জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে ডে জং এবং পেড্রিকেও। বাকিটা বুঝে নেওয়ার জন্য রয়েছে সোনায় মোড়া আপফ্রন্ট। 
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জার্মানির নাগরিক। কাতালন ক্লাবটিতে খেলার অভিজ্ঞতা তাঁর নেই। সাধারণত বার্সা কর্তারা এমন কোচ নিয়োগ করতে চান যাঁর ক্লাব সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে। এই ব্যাপারে উজ্জ্বল ব্যতিক্রম ফ্লিক। জাভির দেখানো পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বার্সাকে। ইন্তার মিলানের বিরুদ্ধে ফল যাই হোক না কেন, লামিনে ইয়ামাল-রাফিনহাদের নিয়ে স্বপ্ন দেখাই যায়। পক্ষান্তরে, ফুটবলার সিমোনে ইনজাঘিকে বলা হতো ‘আনপ্রেডিক্টেবল’। সহজ সুযোগ নষ্ট করায় তাঁর বদনাম ছিল। কিন্তু কেরিয়ারে বহু কঠিন লক্ষ্যভেদ হেলায় করেছেন ইনজাঘি। কোচ হিসেবেও কি তিনি এই বিশেষণ বহন করতে চাইবেন? প্রথম লেগে ডামফ্রিস-থুরাম-মিখিতারিয়ান সমৃদ্ধ ইন্তার মিলানের পারফরম্যান্স মুগ্ধ করেছে অনুরাগীদের। এবার ঘরের মাঠে সেরাটা মেলে ধরার পালা। তাহলেই বছর পনেরো আগের পুনরাবৃত্তি হবে। মঙ্গলবার মরিনহো কি ভর করবেন ইনজাঘির উপর? নাকি ইন্তার রক্ষণের উপর রোলার চালিয়ে ফাইনালে পৌঁছবেন ইয়ামালরা? উত্তর জানার জন্য চায়ের কাপ হাতে রাত জাগতে হবে ভারতীয় ফুটবলপ্রেমীদের। 
ইন্তার মিলানের সম্ভাব্য প্রথম একাদশ: সোমার, বিসেক, আকেরবি, বাস্তোনি, ডামফ্রিস, বারেলা, কালাহানোগ্লু, মিখিতারিয়ান, ডিমারকো, আরনাউতোভিচ ও থুরাম।
বার্সেলোনার সম্ভাব্য প্রথম একাদশ: সেজনি, গার্সিয়াস, আরাহু, কুবার্সি, মার্তিনেজ, ডে জং, পেড্রি, ইয়ামাল, ওলমো, রাফিনহা ও ফেরান তোরেস। 
 খেলা শুরু রাত ১২-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ