বার্সেলোনা- ৪ : রিয়াল মাদ্রিদ- ৩
বার্সেলোনা- ৪ : রিয়াল মাদ্রিদ- ৩
বার্সেলোনা: লা লিগা খেতাব জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা বার্সেলোনার। রবিবার মর্যাদার এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আরও এক রূপকথার প্রত্যাবর্তনের নজির গড়ল হান্স ফ্লিকের ছেলেরা। শুরুতেই দু’গোলে পিছিয়ে পড়েও ৪-৩ গোলের দুরন্ত জয় ছিনিয়ে নিল কাতালন ক্লাবটি। জোড়া গোলে ম্যাচের নায়ক রাফিনহা। এছাড়া বার্সার হয়ে জাল কাঁপান এরিক গার্সিয়া ও লামিনে ইয়ামাল। বিফলে গেল কিলিয়ান এমবাপের দুরন্ত হ্যাটট্রিক। এই জয়ের সুবাদে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বার্সা। আর হেরে সমসংখ্যক ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল। লিগের বাকি তিন ম্যাচের মধ্যে একটি জিতলেই লিগ খেতাব নিশ্চিত করবে হান্স ফ্লিকের ছেলেরা।
গত মঙ্গলবার ইন্তার মিলানের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। সেই হারের রেশ গায়ে মেখেই যেন রবিবার ঘরের মাঠে খেলতে নেমেছিল কাতালন ক্লাবটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পায় রিয়াল। বক্সের মধ্যে বল দখলের লড়াইয়ে এমবাপেকে ফাউল করেন বার্সা গোলরক্ষক সেজনি। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রাথমিকভাবে ফরাসি তারকাকে অফ-সাইড মনে হলে, ভারের সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ বহাল রাখেন রেফারি। স্পট-কিক থেকে জাল কাঁপাতে ভুল করেননি এমবাপে (১-০)। এই ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় গোল হজম করে বার্সা। প্রতি-আক্রমণে গতির বিস্ফোরণ ঘটিয়ে ব্যবধান বাড়ান ফরাসি তারকা (২-০)।
শুরুতেই ঘরের মাঠে ২ গোলে পিছিয়ে পড়লেও দমে যায়নি বার্সা। হান্স ফ্লিকের প্রশিক্ষণে একাধিকবার প্রত্যাবর্তন ঘটিয়েছে তারা। এদিনও তার কোনও ব্যতিক্রম ঘটল না। ১৯ মিনিটে ড্যানি ওলমোর ভাসানো কর্নার থেকে ব্যাক হেডে বল তুলে দেন ফেরান তোরেস। যোগ্য সুযোগসন্ধানীর মতো পাল্টা হেডে জাল কাঁপান এরিক গার্সিয়া (২-১)। ম্যাচে ব্যবধান কমাতেই তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে বার্সা। আর তাতেই কেঁপে যান রিয়ালের ডিফেন্স। ৩২ মিনিটে বক্সের ডানদিক থেকে দুরন্ত শটে জাল কাঁপান ইয়ামাল (২-২)। দু’মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন রাফিনহা। নিজেদের অর্ধে এমবাপে বলের নিয়ন্ত্রণ হারাতেই তা দখলে নেন পেড্রি। তাঁর সাজিয়ে দেওয়া পাস থেকে গোল করতে ভুল হয়নি ব্রাজিলিয়ান তারকা উইঙ্গারের (৩-২)। এরপর প্রথমার্ধের শেষলগ্নে নিজের দ্বিতীয় গোলটি সেরে ফেলেন রাফিনহা (৪-২)। সেই সঙ্গে কার্যত ম্যাচ পকেটে পুরে ফেলে বার্সা।
দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে বার্সা। ৫২ মিনিটে রাফিনহার পাস থেকে ইয়ামাল জাল কাঁপালেও, অফ-সাইডের কারণে তা বাতিল হয়। সহজ সুযোগ নষ্ট করেন ফেরান তোরেস। এরইমধ্যে ৭০ মিনিটে প্রতি-আক্রমণ থেকে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এমবাপে (৪-৩)। তবে দলের হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। সংযোজিত সময়ে ফারমিন লোপেজ জাল কাঁপালেও তা হ্যান্ডবলের জন্য বাতিল হয়।