• ২০২৩ সালে মুক্তি পেয়েছিল গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’। নারী স্বাধীনতা, পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী মার্গো রবি। সেই ছবির সিক্যুয়েল হওয়ার কথা চলছিল দীর্ঘদিন ধরে। তবে এখন জল্পনা, ছবিটি বাতিল হতে পারে। কেন? কারণ মুখ্য চরিত্র ও পরিচালকের পারিশ্রমিক বৃদ্ধি। প্রথম ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। তারপর ওয়ার্নার ব্রাদার্সের তরফে একাধিকবার গ্রেটা, মার্গো, রায়ান গসলিং সহ ছবির টিমের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। যদিও শিল্পীদের দাবি, আগের তুলনায় বেশি পারিশ্রমিক দিতে হবে তাঁদের। এই দাবির কারণেই সম্ভবত ছবিটি না করার সিদ্ধান্ত নিতে পারে প্রযোজনা সংস্থা। তবে পরবর্তীতে যদি তারা পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্তে রাজি হয়, তাহলে আলোচনা এগতে পারে।



