Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাইকেল নগর থেকে বারাসত অরেঞ্জ লাইনে নয়া প্রস্তাব রেলের, মধ্যমগ্রামের নেতাজি নগরেও মেট্রো স্টেশন!

মধ্যমগ্রামের মাইকেল নগর থেকে বারাসত পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে জোরকদমে।

মাইকেল নগর থেকে বারাসত অরেঞ্জ লাইনে নয়া প্রস্তাব রেলের, মধ্যমগ্রামের নেতাজি নগরেও মেট্রো স্টেশন!
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রামের মাইকেল নগর থেকে বারাসত পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে জোরকদমে। এই রুটে ক’টি স্টেশন হবে, তা আগেই ঠিক করে ফেলেছিল মেট্রো কর্তৃপক্ষ। এখন তারা সবদিক বিবেচনা করে এই মেট্রোপথে আরও একটি স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত স্টেশনটি হবে মধ্যমগ্রামের নেতাজিনগরে। এখানে যশোর রোডের উপর বসু ইনস্টিটিউট সংলগ্ন এলাকাকে স্টেশন তৈরির জন্য চিহ্নিত করেছে মেট্রো। ইতিমধ্যে তারা প্রস্তাব আকারে বিষয়টি জানিয়েছে মধ্যমগ্রাম পুরসভাকে। চিঠি দেওয়া হয়েছে পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষকে। সংশ্লিষ্ট জমি কোন মৌজার অন্তর্ভুক্ত, জমির দাগ-খতিয়ান নম্বর সহ জমির বর্তমান বাজারমূল্য সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে সেই চিঠিতে। মেট্রোর এই তৎপরতায় খুশি বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের আশায় থাকা আম জনতা। 

Advertisement

প্রতিদিন কয়েক লক্ষ মানুষ বারাসত-কলকাতা যাতায়াত করেন। এক্ষেত্রে তাঁদের ভরসা ট্রেন বা বাস। কিন্তু দু’ক্ষেত্রেই তাঁদের সীমাহীন দুর্ভোগ সহ্য করতে হয় প্রায়শই। ট্রেনে থাকে অপর্যাপ্ত ভিড়। সেই ভিড় ঠেলে ট্রেনে ওঠা-নামা কতটা কষ্টকর, তা ভুক্তভোগী মাত্রই জানেন। আর বাসে এলে যশোর রোডের কুখ্যাত যানজটে ফেঁসে যাওয়ার ভয় থাকে। এই অবস্থা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ২০১০–২০১১ সালে বারাসত-নোয়াপাড়া মেট্রো প্রকল্প ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী তথা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবিত এই মেট্রোপথ দু’টি ভাগে বিভক্ত। একাংশ নোয়াপড়া স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, বিরাটি হয়ে মাইকেল নগর। এর মধ্যে নোয়াপড়া ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশন তৈরি হয়েছে মাটির উপর। যশোর রোড ধরে মেট্রো যাচ্ছে মাটির নীচ দিয়ে। দ্বিতীয় অংশটি মধ্যমগ্রামের মাইকেল নগর থেকে বারাসত। জমিজটের কারণে এই অংশের কাজ কিছুটা থমকেছিল। তাছাড়া, বিমানবন্দর কর্তৃপক্ষ উত্তোলিত পথে মেট্রো ছোটানোর ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল। তাই বারাসত পর্যন্ত মেট্রোরেল মাটির নীচ দিয়েই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এই অংশের মোট দৈর্ঘ্য ১১.৮৫ কিমি। মাইকেলনগর থেকে গঙ্গানগর নোয়াই খালের নীচ দিয়ে মধ্যমগ্রাম স্কাউট গ্রাউন্ড হয়ে যশোর রোডের সমান্তরালে যাবে এই মেট্রোর লাইন। তারপর বারাসতের পূর্বাচল হয়ে কেএনসি রোড ধরে কাছারি মাঠ, বর্ণালী সংঘ হয়ে শুড়িপুকুরে শেষ হবে। এই রুটে প্রস্তাবিত স্টেশনগুলি হল বিধানপল্লি, মধ্যমগ্রাম (চৌমাথা সংলগ্ন), হৃদয়পুর, বারাসত বিদ্যাসাগর স্টেডিয়াম, কাছারি ময়দান, বারাসত ইএমইউ কারশেড, জয়পুর ও ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শুড়িপুকুর। এখন মেট্রো সিদ্ধান্ত নিয়েছে, বিধানপল্লি ও মধ্যমগ্রামের মধ্যবর্তী অংশে গড়ে তোলা হবে নেতাজি নগর স্টেশন।  
সূত্রের খবর, মেট্রো এই অংশের সয়েল টেস্ট করে ফেলেছে। বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের ড্রয়িংও কার্যত চূড়ান্ত। তারপরই চিঠি দেওয়া হয়েছে পুরসভার চেয়ারম্যানকে। তিনি বলেন, ‘মধ্যমগ্রাম শহরে নতুন করে একটি স্টেশন করার প্রস্তাব পাঠিয়েছে মেট্রো। মঙ্গলবার চিঠি পেয়েছি। তাতে যশোর রোডের পাশে আরও একটি স্টেশনের প্রস্তাব রয়েছে। কিছু তথ্য ওরা জানতে চেয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ