নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই।
জানা গিয়েছে, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের হোস্টেল বাবদ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। ১৮০০ টাকা থেকে সেই বরাদ্দ বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি আদিবাসীদের বসতজমির পাট্টা দেওয়ার বিষয়েও মন্ত্রিসভায় প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে তাঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রস্তাবটি মন্ত্রিসভায় রেখেছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। এছাড়াও রাজ্যে পৃথক আয়ুষ দপ্তর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে পূর্ব মেদিনীপুরের নিমতৌরিতে নতুন সংশোধনাগার তৈরির সিদ্ধান্ত হয়েছে এই মন্ত্রিসভায়। পাশাপাশি বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয় নিয়েও মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের এই বৈঠকে দুই মন্ত্রীকে দপ্তরে বসে প্রশাসনিক কাজে আরও মন দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি ওই দুই মন্ত্রী রাস্তায় নেমে একাধিক কাজ করেছেন। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই তাঁদের দপ্তর থেকে সমস্ত কাজের উপর আরও জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এইসবের পাশাপাশি নিয়োগ নিয়েও এদিন মন্ত্রিসভার বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়। একাধিক দপ্তরের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। প্রতি ক্যাবিনেট দপ্তরে প্রায় ১০ থেকে ১৫ হাজার কর্মী নিয়োগের মাধ্যমে দ্রুত সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা পুলিশে ২০০০ এবং রাজ্য পুলিশে ৬০০০ কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। সেই আইনি প্রক্রিয়ার মধ্যেই নিয়োগ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার। অন্যদিকে হাওড়া পুরসভার ওয়েভার স্কিম পাশ করা হল আজ মন্ত্রিসভায়। বকেয়া সম্পত্তি করের সুদ এবং পেনাল্টি ১০০ শতাংশ ছাড় করে দেওয়া হল এই সভায়।