নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সপ্তাহান্তে ভয়াবহ দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। আজ, শনিবার দুপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের আমবাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, মৃত সাইকেল আরোহীর নাম পলাশ ঘোষ। তাঁর বাড়ি বারাকপুরের পূর্ব মাঠপাড়া এলাকায়। আজ, কল্যাণী এক্সপ্রেসওয়ের আমবাগান এলাকায় ওই সাইকেল আরোহী রাস্তা পারাপার করছিলেন। সে সময় একটি বেপরোয়া গাড়ি এসে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন পলাশ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। তৎক্ষণাৎ বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা পলাশকে মৃত বলে ঘোষণা করেন।



