ইন্দ্রনীলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল নথি, আদালতে দাবি সরকারি আইনজীবীর
  • ৭ নভেম্বর, ২০২৬ ১৭:৩৭
Prefer us on Google

কলকাতা, ৭ নভেম্বর: দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাসভবন থেকে বিপুল নথি উদ্ধার হয়েছে। এর মধ্যে আছে একাধিক বাড়ির দলিল। সেগুলি যাচাইয়ের প্রস্তুতি চলছে। আজ, শনিবার আদালতে এমনই জানালেন সরকারি আইনজীবী। আগামী মঙ্গলবার পর্যন্ত সময় ছিল ইন্দ্রনীলকে পুলিশি হেফাজতে রাখার মেয়াদ। কিন্তু এদিন আগাম তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। আগামী ২১ নভেম্বর পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

শুক্রবার ইন্দ্রনীলের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সে সময় মোট ১৩টি নথি পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে আদালতে জানান সরকারি আইনজীবী। তিনি আরো জানান, বাজেয়াপ্ত নথি যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে। ছুটি থাকায় সরকারের কাছে চাওয়া নথি আসতে সময় লাগতে পারে। তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। এই যুক্তিতে অভিযুক্তকে আপাতত জেল হেফাজতে পাঠানোর আবেদন করেন তিনি।

উল্টোদিকে, ইন্দ্রনীল সেনের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আরজি জানান। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার জন্য সওয়াল করেন তিনি। পাশাপাশি অভিযুক্ত যেসব ওষুধ খান, সেগুলো যাতে দেওয়া হয় সেই আবেদনও করেন। সব দিক বিবেচনার পরে ২১ নভেম্বর পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।